বিশ্বকাপে দ্বিতীয় জয়ের দেখা বাংলাদেশের

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে ছন্দ ফিরে পেয়েছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার কাছে হারের ক্ষতে ভালোভাবে প্রলেপ দিয়েছেন নিগার-নাহিদারা। শনিবার (২০ জুন) গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হয় বাংলাদেশ। পাকিস্তানকে ২৩ রানে হারিয়েছে বাংলার বাঘিনীরা। এতে নেদারল্যান্ডসের পর বিশ্বকাপে দ্বিতীয় জয়ের দেখা পেল বাংলাদেশ।

ইংল্যান্ডের সাউদাম্পটনে টস জিতে ব্যাটিং বেছে নেয় বাংলাদেশ। ২০ ওভারে ৬ উইকেটে ১২৩ রান করে বাংলাদেশ। জবাবে ২০ ওভারে ৮ উইকেটে ১০০ রানে থামে পাকিস্তান।

অল্প রান তাড়ায় পাকিস্তান ছিল কক্ষপথেই। ৪৯ রানের উদ্বোধনী জুটিতে জয়ের ইঙ্গিত দেয় দলটি। তবে, ২৩ রান করা গুল ফিরোজাকে ফিরিয়ে নাহিদা আক্তার লাগাম টানেন। এরপর দ্রুত উইকেট হারায় পাকিস্তান। ৭০ রানে ২ উইকেট থেকে ৮৪ রানে ৮ উইকেটে পরিণত হয় পাকিস্তান। ১৪ রানে ৬ উইকেট হারিয়ে এক ঝটকায় ছিটকে পড়ে ম্যাচ থেকে।

বাংলাদেশের হয়ে বল হাতে প্রতিপক্ষকে শাসন করেন নাহিদা ও সানজিদা আক্তার। দুজনই নেন তিনটি করে উইকেট। ৪ ওভারে ১৮ রানে ৩ শিকার নাহিদার। ৩ উইকেট পেতে ৪ ওভারে ২১ রান দেন সানজিদা। বাকি দুই উইকেট নেন রাবেয়া ও রিতু।

বোলিং অনবদ্য হলেও ব্যাটিংয়ে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ১৩ রান তুলতেই হারায় ৩ উইকেট। সেখান থেকে অধিনায়ক নিগার সুলতানা একটু একটু করে ইনিংস মেরামত করেন। শেষ ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে ৩৮ বলে ৫টি চারে ৩৬ রান করেন তিনি।

তবে, বাংলাদেশকে লড়াইয়ের পুঁজি এনে দেওয়ার পেছনে সবচেয়ে বড় অবদান স্বর্ণা আক্তারের। ২২ বলে ৫টি চারে দলীয় সর্বোচ্চ ৩৯ রানে অপরাজিত থাকেন তিনি। সুবহানা মুস্তারির ১৯ বলে ২২ রানও সময়ের দাবি মিটিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *