আলজেরিয়ার বিপক্ষে ৩–০ গোলের জয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে আর্জেন্টিনা। তবে জয় দিয়ে শুরু করলেও দলের একাদশ নির্বাচন নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে কোচ লিওনেল স্কালোনিকে। সবচেয়ে বড় প্রশ্নটি স্ট্রাইকার পজিশন নিয়ে-লাউতারো মার্তিনেজ, নাকি হুলিয়ান আলভারেজ?
সোমবার অস্ট্রিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচ। তার আগে প্রস্তুতিতে অনুশীলনে ফিরেছে বর্তমান চ্যাম্পিয়নরা। প্রথম ম্যাচে একাদশে ছিলেন লাউতারো মার্তিনেজ। তবে ৫৫ মিনিটে তার পরিবর্তে মাঠে নামেন হুলিয়ান আলভারেজ।
বিশ্বকাপের আগে নিয়মিতভাবে শুরুর একাদশে দেখা গিয়েছিল আলভারেজকে। কিন্তু আলজেরিয়ার বিপক্ষে স্কালোনি ভরসা রেখেছিলেন মার্তিনেজের ওপর। বিষয়টি মনে করিয়ে দেয় ২০২২ বিশ্বকাপের চিত্রকে। সে সময়ও শুরুতে প্রথম পছন্দ ছিলেন মার্তিনেজ। পরে তৃতীয় ম্যাচ থেকে আক্রমণভাগের দায়িত্ব নেন আলভারেজ।
আলজেরিয়া ম্যাচের আগে স্কালোনি জানিয়েছিলেন, গোড়ালির চোট কাটিয়ে পুরোপুরি প্রস্তুত আছেন আলভারেজ। তবে ম্যাচ শেষে মার্তিনেজের প্রশংসা করতে ভোলেননি আর্জেন্টাইন কোচ।
স্কালোনি বলেন, ‘কোচকে প্রতিনিয়ত সিদ্ধান্ত নিতে হয়-কে খেলবে, কে খেলবে না, কে নামবে, কে উঠবে। সবাই খেলতে চায়। কিন্তু দল গঠনের জন্য সেরা সমন্বয়টাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
আর্জেন্টিনার বিভিন্ন গণমাধ্যম ও অনুশীলন পর্যবেক্ষণ করা সাংবাদিকদের ধারণা, অস্ট্রিয়ার বিপক্ষে শুরুর একাদশে মার্তিনেজের বদলে সুযোগ পেতে পারেন আলভারেজ।
সাবেক আর্জেন্টাইন গোলরক্ষক কার্লোস নাভারো মন্তোইয়া অবশ্য এটিকে দলের জন্য ইতিবাচক সংকেত হিসেবেই দেখছেন, ‘এটি সুখের দুশ্চিন্তা। এমন সিদ্ধান্ত নেওয়া কঠিন হওয়া মানেই দলটির মান কতটা উঁচু।’
দুই ফরোয়ার্ডের পার্থক্যও তুলে ধরেন তিনি। তার মতে, মার্তিনেজ বক্সের ভেতরে দুর্দান্ত ফিনিশার ও প্রকৃত স্ট্রাইকার। অন্যদিকে আলভারেজ গোল করার পাশাপাশি আক্রমণ গড়তে সহায়তা করেন, প্রতিপক্ষের ওপর চাপ সৃষ্টি করেন এবং রক্ষণে ফিরে গিয়েও অবদান রাখতে পারেন।
তবে স্কালোনির চিন্তা শুধু আক্রমণভাগেই সীমাবদ্ধ নয়। ডান প্রান্তের রক্ষণভাগেও রয়েছে অনিশ্চয়তা। আলজেরিয়ার বিপক্ষে শুরু করেছিলেন গনসালো মন্তিয়েল। বিরতির পর তাঁর জায়গায় মাঠে নামেন নিয়মিত পছন্দের নাহুয়েল মোলিনা।
এসএন/কে