গাইবান্ধায় নিখোঁজের দুদিন পর পুকুর থেকে মরদেহ উদ্ধার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে নিখোঁজ হওয়ার দুই দিন পর পুকুর থেকে মিন্টু চন্দ্র দাস (৪২) নামের এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৯ জুন) সন্ধ্যায় উপজেলার কামারদহ ইউনিয়নের লালবাগ এলাকার একটি খাস পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মিন্টু চন্দ্র দাস ওই এলাকার স্বর্গীয় নিশিকান্তের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত বুধবার (১৭ জুন) রাত ১০টার দিকে মিন্টু চন্দ্র দাস বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। এরপর পরিবারের লোকজন সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। নিখোঁজের দুইদিন পর শুক্রবার সন্ধ্যায় স্থানীয় লোকজন খাস পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

নিহতের ছোট ভাই গৌতম কুমার বলেন, প্রথমে লোকমুখে পুকুরে মরদেহ ভাসার কথা জানতে পেরে আমার সন্দেহ হয় যে সেটি আমার বড় ভাইয়ের মরদেহ হতে পারে। তিনি দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভুগছিলেন।

পরিবারের ধারণা, নিখোঁজ হওয়ার ওই রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে তিনি বাইরে বের হয়েছিলেন। সম্ভবত মৃগী রোগের কারণে অসাবধানতাবশত পুকুরের পানিতে পড়ে যান এবং আর উঠতে পারেননি।

গোবিন্দগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) স্বপন কুমার সরকার বলেন, মরদেহের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মাদ মোজাম্মেল হক বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এটি দুর্ঘটনা নাকি অন্য কিছু, তা ময়নাতদন্তের সঠিক তদন্ত রিপোর্ট হাতে পাওয়ার পরই নিশ্চিতভাবে জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *