চলতি বছরের জুন মাসের প্রথম ১৭ দিনে দেশে প্রবাসী আয় (রেমিট্যান্স) এসেছে ১৮১ কোটি ৬০ লাখ মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় ২২ হাজার ২৯১ কোটি ৪০ লাখ টাকা (প্রতি ডলার ১২২ টাকা ৭৫ পয়সা হিসাবে)। আজ বৃহস্পতিবার (১৮ জুন) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।
আরিফ হোসেনের দেওয়া তথ্য মতে, গতকাল বুধবার (১৭ জুন) প্রবাসী আয় এসেছে এক হাজার ৮০ কোটি ২০ লাখ টাকা। গত বছরের জুন মাসের প্রথম ১৭ দিনে রেমিট্যান্স এসেছিল ১৭৫ কোটি ৫০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে তিন দশমিক ৫০ শতাংশ।
চলতি অর্থবছরের (১ জুলাই থেকে ১৭ জুন পর্যন্ত) সামগ্রিক চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, এ পর্যন্ত দেশে তিন হাজার ৪৫৭ কোটি ৩০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে। গত অর্থবছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল দুই হাজার ৯২৬ কোটি ১০ লাখ ডলার। অর্থাৎ গত অর্থবছরের তুলনায় এ বছর একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ১৮ দশমিক ১০ শতাংশ।