২০২৬ বিশ্বকাপ শুরুর ৬ দিন পর মাঠে নামছে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। প্রথম ম্যাচেই পর্তুগিজদের সামনে ৫২ বছর পর বিশ্বকাপে ফেরা কঙ্গো। তুলনামূলক দুর্বল কঙ্গোর বিপক্ষে এগিয়ে থেকেই মাঠে নামবে পর্তুগাল।
আজ বুধবার (১৭ জুন) বাংলাদেশ সময় রাত ১১টায় যুক্তরাষ্ট্রের হিউস্টোন স্টেডিয়ামে ৫২ বছর পর বিশ্বকাপে ফেরা কঙ্গোর মুখোমুখি হবে পর্তুগাল।
দুই দলের এই ফুটবল মহারণ বাংলাদেশে সরাসরি সম্প্রচার করবে রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভি, টি-স্পোর্টস ও সময় টিভি। অনলাইনে দেখা যাবে টফি, বায়োস্কোপ প্লাস, আই-স্ক্রিণ, মাই রবি ও মাই এয়ারটেল অ্যাপে।
কঙ্গোর বিপক্ষে এগিয়ে থেকে মাঠে নামলেও ইতোমধ্যে বিশ্বকাপে অঘটন দেখা গেছে। ফলে বিশ্বমঞ্চে নিশ্চিতভাবে এগিয়ে রাখার সুযোগ নেই। যদিও অপ্টার সুপারকম্পিউটারও কথা বলছে পর্তুগালের পক্ষেই।
অপ্টার সুপারকম্পিউটারে ১০ হাজার বার সিমুলেশন চালানোর পর জানিয়েছে, এই ম্যাচে পর্তুগালের জয়ের সম্ভাবনা ৫৪.৫ শতাংশ। ২৩.২ শতাংশ জয়ের সম্ভাবনা রয়েছে কঙ্গোর আর ২২.৩ শতাংশ ড্রয়ের সম্ভাবনা রয়েছে।
তবে খাতা-কলমের এই হিসাবই শেষ নয়। ইতোমধ্যে আফ্রিকার আরেক দেশ কেপ ভার্দে প্রমাণ করেছে হিসাবেই বাইরেও অনেক কিছুই ঘটতে পারে। তাই সতর্ক থাকতে হবে পর্তুগালকে।