সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেতা মোশাররফ করিমকে নিয়ে ছড়িয়ে পড়া ‘হেনস্তার’ খবরকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন তিনি নিজেই। পাশাপাশি সবাইকে গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন জনপ্রিয় এই অভিনেতা।
মঙ্গলবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট ঘিরে দাবি ওঠে, কলকাতার নিউ মার্কেট এলাকায় স্ত্রী রোবেনা রেজা জুঁইকে সঙ্গে নিয়ে যাওয়ার সময় একদল ব্যক্তি মোশাররফ করিমকে লক্ষ্য করে কটূক্তি করেন এবং পরিস্থিতি হাতাহাতির পর্যায়ে গড়ায়। পরে বিভিন্ন মাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।
তবে এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে মোশাররফ করিম গণমাধ্যমকে বলেন, ‘ফেসবুকে নানা কথাই রঙ চড়িয়ে ছড়ানো হয়। কিন্তু একটি সংবাদ লেখার মতো যতটুকু উপাদান প্রয়োজন, এই ঘটনায় ততটুকুও নেই। বলতে গেলে তেমন কিছুই ঘটেনি।’
এর আগে তাঁর স্ত্রী রোবেনা রেজা জুঁইও জানান, সামাজিক মাধ্যমে প্রচারিত হামলার খবরটি সত্য নয় এবং তাদের সঙ্গে এমন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
জানা গেছে, কোনো শুটিং বা পেশাগত কাজে নয়, ব্যক্তিগত অবকাশ যাপনের উদ্দেশ্যে বর্তমানে কলকাতায় অবস্থান করছেন মোশাররফ করিম ও তাঁর স্ত্রী। তাঁদের দাবি, সামাজিক যোগাযোগমাধ্যমে যেভাবে ঘটনাটি উপস্থাপন করা হয়েছে, বাস্তবে তেমন কিছু ঘটেনি।
গুজব ছড়িয়ে পড়ার পর ভক্তদের মধ্যে উদ্বেগ তৈরি হলেও মোশাররফ করিমের বক্তব্যের পর বিষয়টি নিয়ে বিভ্রান্তি দূর হয়েছে।