জয়পুরহাটে এক বৃদ্ধকে পুশইনের চেষ্টা বিএসএফের

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার হাটখোলা সীমান্তে ভারতীয় এক বৃদ্ধকে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সদস্যরা। তবে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি এবং ও গ্রামবাসীর প্রতিরোধের মুখে বিএসএফের সে অপচেষ্টা সফল হয়নি। 

আজ রোববার (১৪ জুন) সকালে পাঁচবিবির হাটখোলা সীমান্তের ২৭৯নম্বর মেইন পিলারের ২৭নম্বর সাব-পিলার এলাকায় এ ঘটনা ঘটে।

সর্বশেষ পাওয়া খবরে ওই বৃদ্ধকে বিএসএফ সদস্যরা সীমান্তের শূন্যরেখায় বসিয়ে রেখেছে। এ ঘটনায় সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

বিজিবি জানায়, আজ সকালে সীমান্তসংলগ্ন ফসলের মাঠে কয়েকজন কৃষক কাজ করছিলেন। এ সময় ৭০-৭৫ বছর বয়সী এক ক্ষুধার্ত বৃদ্ধ তাদের কাছে খাবার ও পানি চান। কথাবর্তার একপর্যায়ে ওই বৃদ্ধ নিজেকে ভারতের নাগরিক বলে পরিচয় দেন এবং জানান যে, ভোরের দিকে বিএসএফ সদস্যরা তাকে জোরপূর্বক তাড়িয়ে বাংলাদেশ ভূখণ্ডে পাঠিয়ে দিয়েছে। বিষয়টি বুঝতে পেরে কৃষকরা সঙ্গে সঙ্গে  হাটখোলা বিজিবি ক্যাম্পে গিয়ে জানায়। খবর পেয়ে বিজিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং স্থানীয়দের সহায়তায় ওই বৃদ্ধকে আবার ভারতীয় ভূখণ্ডে ফেরত পাঠান। এরপর বিএসএফ সদস্যরা তাকে সীমান্তের শূন্যরেয় বসিয়ে রাখে।

‎এ ব্যাপারে জানতে চাইলে ওই সীমান্তে দায়িত্বরত বিজিবির নায়েব সুবেদার মাহবুবুর রহমান বলেন, ‘বিএসএফ এক বৃদ্ধকে বাংলাদেশে পুশইন করেছিল। আমরা তাকে পুশব্যাক করেছি।’ 

ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, শূন্যরেখায় ওই বৃদ্ধ বসে আছেন। এপারে বিজিবি সদস্য ও উৎসুক গ্রামবাসীরা সতর্ক অবস্থানে রয়েছেন। আর ভারতীয় এলাকায় অবস্থান নিয়েছেন বিএসএফ সদস্যরা। এই ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ওই সীমান্তে বিজিবির টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *