কুড়িগ্রামের রৌমারী উপজেলার গয়টাপাড়া ও ভন্দুরচর সীমান্ত দিয়ে মোট ৯ জনকে বাংলাদেশে পুশইন চেষ্টার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের বিরুদ্ধে। এদের মধ্যে ছয় পুরুষ, এক নারী ও দুই শিশু রয়েছে।
স্থানীয়রা জানায়, আজ রোববার (১৪ জুন) ভোর ৬টার দিকে ১০৬০ নম্বর মেইন পিলারের নিকটবর্তী গয়টাপাড়া ভারতের বংশীরচর বটতলা সীমান্ত দিয়ে দুই শিশু, এক নারী ও তিন যুবককে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। একই সময়ে উপজেলার ভন্দুরচর সীমান্ত দিয়ে আরও তিন পুরুষকে বাংলাদেশে পুশইন করা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে।
খবর পেয়ে বিজিবি সদস্যরা সীমান্ত এলাকায় সতর্ক অবস্থান নেয়। পাশাপাশি স্থানীয় গ্রামবাসীরাও সীমান্তে বিজিবিকে সহযোগিতা করে। পুশইনের ঘটনা ঠেকাতে সীমান্তের বিভিন্ন পয়েন্টে টহল ও পর্যবেক্ষণ বাড়ানো হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
স্থানীয়রা জানায়, সম্প্রতি রৌমারী সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে বারবার পুশইনের চেষ্টা করা হচ্ছে। তবে বিজিবি ও সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক অবস্থানের কারণে এসব প্রচেষ্টা প্রতিহত করা সম্ভব হচ্ছে। বর্তমানে গয়টাপাড়া ও ভন্দুরচর সীমান্ত এলাকায় নজরদারি অব্যাহত রয়েছে।
এ বিষয়ে জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত সুরক্ষায় বিজিবি অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে।
অনুপ্রবেশের এই ঘটনার পর থেকে সীমান্তজুড়ে নিরাপত্তা ব্যবস্থা ও নজরদারি আরও জোরদার করা হয়েছে। যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বা অপতৎপরতা ঠেকাতে বিজিবি সদা তৎপর রয়েছে।