কুরাসাওয়ের জালে জার্মানির গোল উৎসব

দুই দলের শক্তি-সামর্থের পার্থক্য যোজন যোজন। বিশ্বকাপের নবাগত দল কুরাসাও। আর জার্মানরা যৌথভাবে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ চারবারের চ্যাম্পিয়ন। মাঠের খেলায়ও সেই পার্থক্য দেখা গেল। যদিও প্রথমার্ধে দারুণ লড়াই করল ক্যারিবীয় দ্বীপ রাষ্ট্রটি। বিশ্বকাপে প্রথম গোল করে ইতিহাসও গড়ল কুরাসাও। তবে সব ছাঁপিয়ে গোল উৎসবেই বিশ্বকাপ মিশন শুরু করল জার্মানি।

আজ রোববার (১৪ জুন) যুক্তরাষ্ট্রের টেক্সাসের হিউস্টন স্টেডিয়ামে ‘ই’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হয়েছিল জার্মানি আর কুরাসাও। এবারের বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে কুরাসাওকে ৭-১ ব্যবধানে উড়িয়ে দিয়েছে জার্মানি।

ম্যাচের চতুর্থ মিনিট দারুণ আক্রমণ হানে জার্মানি। ডানপ্রান্ত দিয়ে বক্সে ঢুকে দুজনকে কাটিয়ে শট নিয়েছিলেন জামাল মুসিয়ালা। কিন্তু সামনে প্রাচীর হয়ে দাঁড়ান কুরাসাওয়ের তিনজন ডিফেন্ডার। তাদের দেওয়ালে আটকে যায় বল।

তবে বলের পজিশন চলে আসে আবারও জার্মানির কাছে। সেটি ধরেই দ্বিতীয়বার আক্রমণে ওঠে জুলিয়ান নাগেলসম্যানের দল। এবার আর গোল আটকাতে পারেনি কুরাসাও। দারুণ শটে কুরাসাওয়ের জাল কাঁপান ফেলিক্স নমেচা।  ১-০ ব্যবধানে এগিয়ে জার্মানরা।

জার্মানদের সেই উল্লাস বেশি সময় টিকতে দেয়নি কুরাসাও। ম্যাচের ২১তম মিনিটে দারুণ গোলে ইতিহাস গড়ে তারা। জার্মানির জালে বল জড়িয়ে নিজেদের বিশ্বকাপ ইতিহাসে প্রথম গোল করে তারা। তাদের এই গোলের নায়ক লিভানো কোমেনেনসিয়া। সমতায় ফেরে কুরাসাও।

ম্যাচের ৩৮তম মিনিটে আবারো জার্মানিকে লিড এনে দেন নিকো শ্লটারবেক। গোল পেয়ে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে জার্মানি। বেশ কিছু আক্রমণ করে তারা। তবে কোনোভাবেই কুরাসাওয়ের ডিফেন্স দুর্গ ভাঙতে পারছিল না।

প্রথমার্ধের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে শেষ আক্রমণে ওঠে জার্মানি। এবার ভুল করে বসে কুরাসাও ডিফেন্ডার। নমেচাকে বক্সের মধ্যে ফাউল করেন বাজুর। পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সেখান থেকে গোল করে ব্যবধান আরও বাড়ান কাই হাভার্টজ। ৩-১ গোলের ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় জার্মানি।

বিরতি থেকে ফিরেই ব্যবধান ৪-১ করেন জামাল মুসিয়ালা। প্রথমার্ধের লড়াকু কুরাসাও যেনো দ্বিতীয়ার্ধে খোলেসের মধ্যে ঢুকে গেল। একের পর এক হজম করল গোল।

ম্যাচের ৬৮তম মিনিটে ব্যবধান ৫-১ করেন বিশ্বকাপে অভিষেক গোল করা নাথানিয়েল ব্রাউন। ঠিক দশ মিনিট পরই আবারও কুরাসাওয়ের জালে বল জড়ায় জার্মানি। ব্যবধান ৬-১ করেন দেনিজ উন্দাভ। ম্যাচের ৮৮তম মিনিটে কুরাসাওয়ের কফিনে শেষ পেরেক ঠুকে দেন হাভার্টজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *