বিশ্বকাপের নবাগত কুরাসাওেয়ের সামনে প্রথম পরীক্ষায়ই ছিল জার্মানি। ম্যাচটি যে অনেকটা একপেশে হতে যাচ্ছে, এমনটাই ধরে নিয়েছিল অনেকে। শুরুর কয়েক মিনিটও ছিল তেমনই। কিন্তু সময় গড়াতেই বদলে যায় সব। জার্মানদের কঠিন চ্যালেঞ্জ জানিয়েছে কুরাসাও। ইতিহাস গড়ে প্রথম গোলও পেয়েছে তারা। তবে প্রথমার্ধ শেষে এগিয়ে জার্মানিই।
আজ রোববার (১৪ জুন) যুক্তরাষ্ট্রের টেক্সাসের হিউস্টন স্টেডিয়ামে ‘ই’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হয়েছে জার্মানি আর কুরাসাও। প্রথমার্ধ শেষে ৩-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে গেছে জার্মানি।
ম্যাচের চতুর্থ মিনিট দারুণ আক্রমণ হানে জার্মানি। ডানপ্রান্ত দিয়ে বক্সে ঢুকে দুজনকে কাটিয়ে শট নিয়েছিলেন জামাল মুসিয়ালা। কিন্তু সামনে প্রাচীর হয়ে দাঁড়ান কুরাসাওয়ের তিনজন ডিফেন্ডার। তাদের দেওয়ালে আটকে যায় বল।
তবে বলের পজিশন চলে আসে আবারও জার্মানির কাছে। সেটি ধরেই দ্বিতীয়বার আক্রমণে ওঠে জুলিয়ান নাগেলসম্যানের দল। এবার আর গোল আটকাতে পারেনি কুরাসাও। দারুণ শটে কুরাসাওয়ের জাল কাঁপান ফেলিক্স নমেচা। ১-০ ব্যবধানে এগিয়ে জার্মানরা।
জার্মানদের সেই উল্লাস বেশি সময় টিকতে দেয়নি কুরাসাও। ম্যাচের ২১তম মিনিটে দারুণ গোলে ইতিহাস গড়ে তারা। জার্মানির জালে বল জড়িয়ে নিজেদের বিশ্বকাপ ইতিহাসে প্রথম গোল করে তারা। তাদের এই গোলের নায়ক লিভানো কোমেনেনসিয়া। সমতায় ফেরে কুরাসাও।
ম্যাচের ৩৮তম মিনিটে আবারো জার্মানিকে লিড এনে দেন নিকো শ্লটারবেক। গোল পেয়ে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে জার্মানি। বেশ কিছু আক্রমণ করে তারা। তবে কোনোভাবেই কুরাসাওয়ের ডিফেন্স দুর্গ ভাঙতে পারছিল না।
প্রথমার্ধের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে শেষ আক্রমণে ওঠে জার্মানি। এবার ভুল করে বসে কুরাসাও ডিফেন্ডার। নমেচাকে বক্সের মধ্যে ফাউল করেন বাজুর। পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সেখান থেকে গোল করে ব্যবধান আরও বাড়ান কাই হাভার্টজ।
৩-১ গোলের ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় জার্মানি।