ফুটবল বিশ্বকাপের ‘সি’ গ্রুপের লড়াই শুরু হচ্ছে ব্রাজিল ও মরক্কোর হাইভোল্টেজ ম্যাচ দিয়ে। বিশ্ব ফুটবলের র্যাঙ্কিংয়ে ব্রাজিল ষষ্ঠ এবং মরক্কো সপ্তম স্থানে রয়েছে। দুই দলের শক্তির লড়াইয়ে পরিষ্কার ফেভারিট হিসেবে মাঠে নামলেও, মরক্কোকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই ব্রাজিলের।
বাংলাদেশ সময় রোববার (১৪ জুন) ভোর ৪টায় নিউ ইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামে মুখোমুখি হবে এই দুই দল।
২০২৩ সালে প্রীতি ম্যাচে ব্রাজিলকে হারিয়ে বিশ্বকে চমকে দিয়েছিল মরক্কো। তাই এখন ভক্তদের মধ্যে প্রশ্ন একটাই— গতবারের মতো এবারও কি মরক্কো কোনো অঘটন ঘটাবে?
তবে এবারের পরিসংখ্যানে এগিয়ে আছে ব্রাজিল। বিশ্বকাপের ইতিহাসে এখন পর্যন্ত আফ্রিকার আটটি দলের বিপক্ষে খেলে সাতটিতেই জিতেছে সেলেসাওরা। একমাত্র ব্যতিক্রম ছিল গত বিশ্বকাপে ক্যামেরুনের বিপক্ষে হার। এছাড়া ১৯৯৮ সালের বিশ্বকাপে প্রথম দেখায় রোনালদো ও রিভালদোর নৈপুণ্যে মরক্কোকে ৩-০ গোলে হারিয়েছিল ব্রাজিল।
ম্যাচের আগে ফুটবল বিশ্লেষক প্রতিষ্ঠান ‘অপ্টা অ্যানালিস্ট’-এর সুপারকম্পিউটার তাদের পূর্বাভাস দিয়েছে। ২৫ হাজার বার সিমুলেশন চালানোর পর সুপারকম্পিউটার জানিয়েছে, এই ম্যাচে ব্রাজিলের জয়ের সম্ভাবনা ৫৭.৭ শতাংশ। অন্যদিকে, মরক্কোর জয়ের সম্ভাবনা মাত্র ১৮.৮ শতাংশ। এছাড়া ম্যাচটি ড্র হওয়ার সম্ভাবনা রয়েছে ২৩.৫ শতাংশ।
পরিসংখ্যান ও সুপারকম্পিউটারের এই পূর্বাভাস ব্রাজিলের ভক্তদের স্বস্তি দিলেও, মরক্কো যে কতটা বিপজ্জনক দল তা গত কয়েক বছরের পারফরম্যান্সেই প্রমাণিত। ২০২৩ সাল থেকে এখন পর্যন্ত মাত্র দুটি ম্যাচ হেরেছে তারা। তাই মাঠের লড়াইয়ে নিজেদের সেরাটা দেওয়ার অপেক্ষায় আফ্রিকান পরাশক্তিরা।