সাভারে সাংবাদিকের ওপর হামলা, প্রধান আসামি শামীমসহ গ্রেপ্তার ৩

ঢাকার সাভারে পেশাগত দায়িত্ব পালনকালে তিন সাংবাদিকের ওপর হামলার মামলার প্রধান আসামি ও চিহ্নিত মাদক কারবারি শামীম রেজাকে দুই সহযোগীসহ গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১০ জুন) কক্সবাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

সাভারে তিন সাংবাদিকের ওপর হামলার পর থেকেই আত্মগোপনে ছিল মাদক সিন্ডিকেটের মূল হোতা শামীম রেজা। অবশেষে বুধবার পুলিশের বিশেষ অভিযানে কক্সবাজার থেকে তাকে এবং তার দুই সহযোগী রাজু ও রাকিবকে গ্রেপ্তার করা হয়।

ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপস ও ট্রাফিক) মো. জাহাঙ্গীর আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, শামীম কেবল মাদক ব্যবসাই নয়, ভুয়া পুলিশ সেজে ডাকাতিসহ বেশ কয়েকটি মামলার আসামি।

এর আগে শামীমসহ মূল অপরাধীদের গ্রেপ্তারে ব্যর্থতার দায়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলীসহ চার পুলিশ কর্মকর্তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। তাদেরকে সাভার থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছিল।

গত ২২ মে দুপুরে মাদকসংক্রান্ত সংবাদ সংগ্রহের জন্য সাভারের আইচা নোয়াদ্দা এলাকায় যান দেশ টেলিভিশনের সিনিয়র রিপোর্টার তাইফুর রহমান তুহিন, ক্যামেরাপারসন মনিরুল হক কাইয়ুম এবং এসএ টিভির সাভার প্রতিনিধি সাদ্দাম হোসেন। এ সময় চিহ্নিত মাদক কারবারিরা এই তিন সংবাদকর্মীকে জিম্মি করে স্থানীয় একটি গ্যারেজে নিয়ে যায় এবং দেশীয় অস্ত্র দিয়ে নির্মম নির্যাতন চালায়। হামলাকারীরা দেশ টেলিভিশনের গাড়ি ও ক্যামেরা ভাঙচুর করে এবং ক্যামেরা, মেমোরি কার্ড ও ট্রাইপড ছিনিয়ে নেয়।

ঘটনার দিন খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহত সংবাদকর্মীদের উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছিল। হামলার পরপরই পুলিশ চারজনকে আটক করতে পারলেও মূল হোতা শামীম পালিয়ে গিয়েছিল, যাকে অবশেষে আজ গ্রেপ্তার করা হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *