দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু দেশের অর্ধেকেরও বেশি অঞ্চলে বিস্তার লাভ করেছে। এটি আগামী ২ থেকে ৩ দিনের মধ্যে সারা দেশে ছড়িয়ে পড়ার জন্য আবহাওয়া পরিস্থিতি অনুকূলে রয়েছে। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির তীব্রতা বজায় থাকতে পারে।
বুধবার (১০ জুন) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টা বা পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, বুধবার (১০ জুন) সন্ধ্যা ৬টা থেকে বৃহস্পতিবার (১১ জুন) সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। এ সময় সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।