ফুটবল বিশ্বকাপের ঠিক আগমুহূর্তে ব্রাজিল শিবিরে এলো স্বস্তির খবর। পায়ের পেশির চোট কাটিয়ে দ্রুত সুস্থ হয়ে উঠছেন দলের তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়র। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) সোমবার রাতে এক বিবৃতিতে জানিয়েছে, নেইমারের চোটের জায়গায় বেশ ইতিবাচক উন্নতি লক্ষ্য করা গেছে।
গত ২৮ মে মেডিকেল পরীক্ষায় নেইমারের পায়ে গ্রেড-টু পেশি ছিঁড়ে যাওয়ার তথ্য ধরা পড়েছিল। তখন ধারণা করা হয়েছিল, বিশ্বকাপ শুরুর আগে অন্তত তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে এই তারকাকে। তবে সোমবার নতুন করে স্ক্যান করার পর স্বস্তির খবর দিয়েছে ব্রাজিলের মেডিকেল টিম।
সিবিএফ তাদের সংক্ষিপ্ত বিবৃতিতে জানায়, ‘নতুন স্ক্যান রিপোর্টে নেইমারের সুস্থ হওয়ার প্রক্রিয়ায় ভালো অগ্রগতি দেখা গেছে। আমাদের মেডিকেল স্টাফদের পরিকল্পনা অনুযায়ী সে এখন পুনর্বাসন এবং ফিটনেস ফিরে পাওয়ার কাজ চালিয়ে যাচ্ছে।’
এই রিপোর্টের পর আশা করা হচ্ছে, নেইমার খুব দ্রুত দলের সঙ্গে অনুশীলনে যোগ দেবেন। এমনকি ১৩ জুন মরক্কোর বিপক্ষে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেও তাকে স্কোয়াডে দেখা যেতে পারে। এর আগে চোটের কারণে পানামা ও মিশরের বিপক্ষে শেষ দুই প্রস্তুতি ম্যাচে খেলতে পারেননি নেইমার।
ব্রাজিলের হয়ে ১২৮ ম্যাচে ৭৯ গোল করা নেইমার তার বর্ণাঢ্য ক্যারিয়ারের চতুর্থ বিশ্বকাপ খেলতে নামছেন। ২০১৪, ২০১৮ ও ২০২২ সালের পর এবার লক্ষ্য হেক্সা জয়ের। হেক্সা মিশনের শুরুতে গ্রুপ পর্বে মরক্কো ছাড়াও ব্রাজিলের অন্য দুই প্রতিপক্ষ হলো স্কটল্যান্ড ও হাইতি।