ময়মনসিংহে যুবককে কুপিয়ে হত্যা

ময়মনসিংহের গফরগাঁওয়ে রবিন (২৩) নামের এক যুবককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৮ জুন) দিনগত রাত পৌনে ১টার দিকে গফরগাঁও পৌর শহরের শিলাসী মাজার রোড এলাকায় এই ঘটনা ঘটে। নিহত রবিন পৌর শহরের শিলাসী গ্রামের মহিলা কলেজ রোড এলাকার মোফাজ্জলের ছেলে। তিনি গফরগাঁও পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক তাজমুন আহমেদের সমর্থক ছিলেন বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে রবিন তার এক বন্ধুর সাথে মোটরসাইকেলযোগে বাসায় ফিরছিলেন। পথে শিলাসী মাজার রোড এলাকায় পৌঁছালে একদল ওত পেতে থাকা দুর্বৃত্ত তাদের গতিরোধ করে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা রবিনকে লোহার রড দিয়ে পিটিয়ে এবং ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে দ্রুত পালিয়ে যায়।

পরে চিৎকার শুনে স্বজন ও স্থানীয়রা গুরুতর আহত রবিনকে উদ্ধার করে প্রথমে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ৩টার দিকে দায়িত্বরত চিকিৎসক রবিনকে মৃত ঘোষণা করেন।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএসএম আতিকুর রহমান জানান, এই হত্যার ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে। পাশাপাশি থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *