কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পথচারীকে ধাক্কা দেওয়ায় স্বাধীন পরিবহণ নামে ঢাকাগামী একটি বাস পুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। আজ সোমবার রাত ৮টার দিকে উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নে হাফিজিয়া মাদ্রাসা সংলগ্ন সড়কে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, আব্দুল হামিদ চৌধুরী (৭৫) নামে এক মোটরসাইকেলচালক রাত ৮টার দিকে পাশের রাস্তা থেকে কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী মহাসড়কে ওঠার সময় স্বাধীন পরিবহণের ঢাকাগামী বাসটি তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। তার এক পা থেঁতলে যায়। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। নাগেশ্বরী উপজেলা থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণ আনে। তবে ততক্ষণে বাসটির বিভিন্ন অংশ পুড়ে যায়। এ সময় সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যানজটের সৃষ্টি হয়।
স্বাধীন পরিবহণের ভূরুঙ্গামারী কাউন্টার ম্যানেজার সফি বলেন, যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া বাসটি দুর্ঘটনার শিকার হয়েছে। বাসটিতে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম বলেন, সড়ক দুর্ঘটনার শিকার ব্যক্তিকে গুরুত্বর আহত অবস্থায় জরুরি বিভাগে আনা হয়েছিল। তার অবস্থার অবনতি হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার শিকার ব্যক্তির এক পা থেঁতলে গেছে। মাথায় চোট পেয়েছেন।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে রয়েছি। ফায়ার সার্ভিসের সদস্যরা বাসের আগুন নিয়ন্ত্রণে এনেছে। সড়কে যান চলাচল বন্ধ হয়ে যানজটের সৃষ্টি হয়েছিল। তা নিরসনের কাজ চলছে।