এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ২০ জুলাই: শিক্ষামন্ত্রী

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল আগামী ২০ জুলাই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। সোমবার (৮ জুন) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, শিক্ষা কারিকুলাম পরিবর্তনে ব্যাপক কার্যক্রম চলমান রয়েছে। ২০২৭-২৮ শিক্ষাবর্ষের পাঠ্যবই চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেয়ার পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, ‘বিগত সরকারগুলোর আমলে শিক্ষা মন্ত্রণালয়ে সংঘটিত দুর্নীতির বিষয়ে একটি শ্বেতপত্র প্রকাশ করা হবে।’

তিনি আরও জানান, এবারের বাজেটে শিক্ষা খাতে জিডিপির ২ শতাংশ বরাদ্দ রাখা হয়েছে। ভবিষ্যতে এটি ৫ শতাংশে উন্নীত করার বিষয়ে সরকার আশাবাদী। তবে পুরো শিক্ষা কারিকুলাম কয়েক মাসের মধ্যে পরিবর্তন করা সম্ভব নয় বলে মন্তব্য করেন তিনি। এ বছর কিছু বিষয়ে পরিমার্জন আনা হবে এবং ২০২৮ সালের মধ্যে পূর্ণাঙ্গ কারিকুলাম সংস্কারের লক্ষ্যে কাজ চলছে।

বিশ্ববিদ্যালয়গুলোতে সেশনজট কমাতে ২০২৭ সাল থেকে এসএসসি, এইচএসসিসহ সব পাবলিক পরীক্ষা নির্ধারিত সময়সূচি অনুযায়ী আয়োজনের উদ্যোগ নেয়া হয়েছে বলেও জানান শিক্ষামন্ত্রী।

এসএন/কে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *