ট্রাক চুরি করে ফিরিয়ে দিতে মালিকের কাছে টাকা দাবি

গোপালগঞ্জের কাশিয়ানীতে একটি ড্রাম ট্রাক চুরি করে চোর চক্র মালিকের মুঠোফোনে এক লাখ টাকা দাবি করেছে বলে থানায় অভিযোগ করেছেন ট্রাকের মালিক। আজ রোববার (৭ জুন) ভোর ৫টার দিকে উপজেলার ভাটিয়াপাড়া গোলচত্বর এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ট্রাকের মালিক মেহেদী হাসান কাশিয়ানী থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

মেহেদী হাসান জানান, শনিবার রাতে ভাটিয়াপাড়া গোলচত্বর এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কের পাশে গাড়িটি রেখে তিনি ভিতরে ঘুমিয়ে ছিলেন। ভোর সাড়ে ৪টায় ঘুম থেকে উঠে পাশেই নিজের বাড়িতে যান। সকাল ৮টায় তিনি ফিরে এসে দেখেন নির্ধারিত স্থানে ট্রাকটি (মেট্রো-ট-১৩-৩১৭৩) নেই। আশপাশে অনেক খোঁজাখুঁজি করে কোনো সন্ধান পাননি। 

মেহেদী হাসান আরও জানান, দুপুর ১২টার দিকে তার ব্যক্তিগত মুঠোফোনে একটি অজ্ঞাত মোবাইল ফোন নম্বর থেকে কল আসে। ওপাশ থেকে বলা হয়, ট্রাকটি তাদের হেফাজতে রয়েছে। ফেরত পেতে হলে দুই ঘণ্টার মধ্যে এক লাখ টাকা বিকাশে পাঠাতে হবে। টাকা না দিলে ট্রাকের যন্ত্রাংশ খুলে বিক্রি করে দেওয়া হবে বলেও হুমকি দেয় চক্রটি।

ট্রাক মালিক বলেন, ‘দিনের বেলা এত বড় একটা ট্রাক কীভাবে চুরি হয়ে গেল, আমি ভেবে পাচ্ছি না। তার ওপর আবার ফোন করে টাকা চাচ্ছে। আমি চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। এ ঘটনায় আজ দুপুরে কাশিয়ানী থানায় একটি অভিযোগ করেছি।’ 

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। সিসিটিভি ফুটেজ দেখে চোর চক্রের সদস্যদের চিহ্নিত করে গ্রেপ্তার ও ট্রাকটি উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *