রাজধানীর মতিঝিলে ফিল্মি স্টাইলে এক ব্যক্তিকে গুলি করে টাকা ছিনিয়ে নিয়ে গেছে মোটরসাইকেল আরোহী অস্ত্রধারীরা।
আজ রোববার (৭ জুন) বিকেল সোয়া ৩টার দিকে মতিঝিলে জনতা ব্যাংকের করপোরেট শাখার সামনে এমন ঘটনা ঘটেছে। বিষয়টি নিশ্চিত করেছেন মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার।
এ ঘটনায় হাতে ও পায়ে গুলিবিদ্ধ ৪৫ বছর বয়সী ভুক্তভোগী মো. লোকমান বর্তমানে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার পরিচয়ের বিষয়ে বিস্তারিত তথ্য এখনো জানাতে পারেনি পুলিশ।
ওসি কামরুজ্জামান তালুকদার বলেন, ‘তিনটি মোটরসাইকেলে করে ছয়জন ব্যক্তি ব্যাংকের সামনে এসে লোকমান নামে ওই ব্যক্তিকে গুলি করে তার হাতে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়। ওই ব্যাগে আনুমানিক ১৭ লাখ টাকা ছিল বলে ভাষ্য ভুক্তভোগীর।’ তিনি আরও জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পুলিশ দুটি গুলির খোসা উদ্ধার করেছে।
পুলিশের ধারণা, ঘটনাটি পরিকল্পিত ছিনতাই বা সংঘবদ্ধ অপরাধী চক্রের কাজ। ব্যাংক থেকে টাকা তোলার খবর আগে থেকেই কীভাবে চক্রের কাছে পৌঁছাল তা খতিয়ে দেখার কথা বলেছেন মতিঝিল থানার পুলিশ কর্মকর্তারা।
মতিঝিল থানার ওসি কামরুজ্জামান বলেন, জড়িতদের শনাক্তে ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহের কাজ চলছে।