হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ২৮৭ শিশু।

আজ রোববার (৭ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৫২৯ শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরও ৯১ শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ, হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৬২০ শিশু মারা গেছে।

এ ছাড়া ২৪ ঘণ্টায় ৬৬ শিশু হামে আক্রান্ত হয়েছে, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ১ হাজার ২২১। এই সময়ে ১ হাজার ১২৯ শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ১ হাজার ১২০ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৭৯ হাজার ১২, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৯ হাজার ৬৮৬। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ৬৪ হাজার ২৬৩ রোগী, যাদের মধ্যে ৬০ হাজার ৮৪ জন ছাড়পত্র পেয়ে ইতোমধ্যে বাড়ি ফিরেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *