তাহলে কি বিশ্বকাপ জেতা হবে না আর্জেন্টিনার?

দরজায় কড়া নাড়ছে ফুটবল বিশ্বকাপ। আগামী ১১ জুন পর্দা উঠতে যাচ্ছে ২০২৬ ফুটবল বিশ্বকাপের। বিশ্বমঞ্চে মাঠে নামার আগে বড় সুখবর পেয়েছে আর্জেন্টিনা। আবারও বিশ্ব র‌্যাংকিংয়ের শীর্ষস্থানের মুকুট ফিরে পেয়েছে আলবিসেলেস্তেরা। সংবাদটি যেমন আর্জেন্টাইন ভক্তদের জন্য আনন্দের। তেমনি অতীত পরিসংখ্যান অনুযায়ী শঙ্কারও।

তবে খুশির খবরের আড়ালেই লুকিয়ে আছে এক দীর্ঘ ইতিহাসের ‘অভিশাপ’। ১৯৯২ সালে ফিফা র‍্যাঙ্কিং চালুর পর থেকে আজ পর্যন্ত কোনো বিশ্বকাপেই র‍্যাঙ্কিংয়ের এক নম্বর দল শিরোপা জিততে পারেনি। ইতিহাস বলছে, র‍্যাঙ্কিংয়ের শীর্ষে থেকে বিশ্বকাপে যাওয়া দলগুলো বারবার মুখ থুবড়ে পড়েছে।

পরিসংখ্যান বলছে, ১৯৯৪ বিশ্বকাপে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ছিল জার্মানি। কিন্তু সেবার কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিতে হয়েছিল তাদের। পরের বিশ্বকাপে শীর্ষস্থানে থাকা ব্রাজিল বিশ্বকাপের ফাইনালে উঠেও হেরে যায় ফ্রান্সের কাছে।

এরপর ২০০২ বিশ্বকাপ শুরুর আগে র‌্যাংকিংয়ের শীর্ষে ছিল ফ্রান্স। সেই বিশ্বকাপে তারা গ্রুপ পর্বের বৈতরণীও পার হতে পারেনি। ২০০৬ বিশ্বকাপে র‌্যাংকিংয়ের শীর্ষে থাকা ব্রাজিল বিদায় নেয় কোয়ার্টার ফাইনাল থেকে।

শীর্ষে থেকেই ২০১০ বিশ্বকাপেও মাঠে নেমেছিল ব্রাজিল। কিন্তু সেবারও শিরোপা জেতা হয়নি তাদের। ২০১৪ সালে একই ভাগ্য বরণ করে স্পেন। এরপর র‌্যাংকিংয়ে শীর্ষে থেকে ২০১৮ বিশ্বকাপ খেলতে গিয়ে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় জার্মানি।

এরপর র‌্যাংকিংয়ের শীর্ষে থেকেই ২০২২ সালের কাতার বিশ্বকাপ খেলতে গিয়েছিল ব্রাজিল। কিন্তু তাদের বিদায় নিতে হয়েছিল কোয়ার্টার ফাইনাল থেকে।

আর্জেন্টিনা বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন। শিরোপা ধরে রাখার মিশনে থাকা দলটিকে নিয়ে প্রত্যাশা এখন আকাশচুম্বী। তবে র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান কি তাহলে এবারের বিশ্বকাপের পথচলায় কোনো বাধা হয়ে দাঁড়াবে? ইতিহাস বারবার যে ‘অভিশপ্ত’ বাস্তবতার কথা মনে করিয়ে দিচ্ছে, তা কি মেসিরা ভাঙতে পারবেন? সব প্রশ্নের উত্তর এখন সময়ের হাতেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *