বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে সৃষ্ট মুদ্রাস্ফীতির উদ্বেগের মধ্যে ফেডারেল রিজার্ভ দীর্ঘ সময়ের জন্য উচ্চ সুদ হার বজায় রাখবে, এমন প্রত্যাশা আরও জোরদার হওয়ায় আজ শুক্রবার (৫ জুন) স্বর্ণের দাম ২ শতাংশের বেশি কমেছে। খবর রয়াটার্সের।

বাংলাদেশ সময় রাত ৮টার দিকে স্পট গোল্ডের দাম ২ দশমিক ৪ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৩৬৫ দশমিক ৯৩ ডলারে দাঁড়িয়েছে। এতে এই সপ্তাহে এখন পর্যন্ত স্বর্ণের দাম কমলো প্রায় ৩ দশমিক ৮ শতাংশ। দিনের শুরুতে স্বর্ণের বারের দাম গত ২৬ মার্চের পর থেকে সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে। আগস্টে সরবরাহের জন্য মার্কিন গোল্ড ফিউচার ২ দশমিক ৫ শতাংশ কমে ৪ হাজার ৩৯০ দশমিক ৭০ ডলারে দাঁড়িয়েছে।

ফেব্রুয়ারির শেষের দিকে ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে স্বর্ণের দাম ১৭ শতাংশের বেশি কমে গেছে। এই সংঘাতের ফলে তেলের দাম বেড়েছে এবং মুদ্রাস্ফীতি ও উচ্চ সুদের হারের আশঙ্কা বৃদ্ধি পেয়েছে।

এ ছাড়া স্পট রুপার দাম ৬ দশমিক ১ শতাংশ কমে প্রতি আউন্স ৬৯ দশমিক ৩৪ ডলারে, প্ল্যাটিনামের দাম ৩ দশমিক ২ শতাংশ কমে ১ হাজার ৮৩৯ দশমিক ৪০ ডলারে এবং প্যালাডিয়ামের দাম ১ দশমিক ৯ শতাংশ কমে ১ হাজার ২৯৫ দশমিক ৭৫ ডলারে নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *