মাত্র ৩০ মিনিটে বিয়ে! অনিল-সুনীতার সেই সিক্রেট ফাঁস

বলিউডের ‘এভারগ্রিন’ দম্পতি অনিল কাপুর ও সুনীতা কাপুর। দেখতে দেখতে একসঙ্গে পার করে দিয়েছেন দীর্ঘ চার দশক। তবে তাঁদের এই রূপকথার মতো সংসারের শুরুটা কিন্তু রাজকীয় কোনো আয়োজনে হয়নি, মাত্র ৩০ মিনিটে ঝটিকা এক বিয়েতে চার হাত এক হয়েছিল তাঁদের। এত বছর পর সেই পেছনের আসল কারণ নিজেই ফাঁস করেছেন অনিল কাপুর।

১৯৮৪ সালের ১৭ মে মুক্তি পেয়েছিল অনিল কাপুরের ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট মশাল সিনেমাটি। ছবিটি সুপারহিট হওয়ার পর অনিল কাপুর অনুভব করেন, এবার তিনি আর্থিকভাবে স্বচ্ছল এবং সুনীতাকে একটি সুন্দর জীবন দিতে পারবেন। ব্যস, আর দেরি না করে সেদিন সকালেই সুনীতাকে ফোন করে অনিল বলেন, “চলো, আজই বিয়েটা করে ফেলি!” সুনীতাও এক বাক্যে রাজি হয়ে যান।

কোনো জাঁকজমক ছাড়াই দুই পরিবারের উপস্থিতিতে অত্যন্ত ঘরোয়া আয়োজনে মাত্র ৩০ মিনিটে তাঁদের বিয়ে সম্পন্ন হয়। অনিল কাপুর রসিকতা করে বলেন, “সবকিছু এত দ্রুত ঘটেছিল যে আমরা গুছিয়ে ওঠারও সময় পাইনি।” এমনকি বিয়ের ঠিক পরদিনই অনিল কাপুরকে সিনেমার শুটিংয়ে ফিরতে হয়েছিল।

এই ঝটিকা বিয়ের পেছনে ছিল দীর্ঘ ১০ বছরের প্রেম। যখন তাঁদের পরিচয় হয়, সুনীতা তখন নামী মডেল আর অনিল কাপুর ইন্ডাস্ট্রিতে স্ট্রাগল করছেন। পকেটে ট্যাক্সি ভাড়া না থাকলে সুনীতা হাসিমুখে সেই খরচ মেটাতেন। সুনীতার এই নিঃস্বার্থ ভালোবাসাই অনিলকে আজকের তারকা বানাতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে। আর সে কারণেই মাত্র ৩০ মিনিটের সেই তাড়াহুড়োর বিয়ে আজ বলিউডের অন্যতম সফল দাম্পত্যের উদাহরণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *