ঈদের দিন সিরাজগঞ্জে শাকিল (২৩) নামে এক কলেজছাত্রকে হত্যার ঘটনায় প্রধান আসামি মো. রাকিবকে (২৫) গ্রেপ্তার করা হয়েছে। কক্সবাজারের চকরিয়া থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আজ সোমবার (১ জুন) সকাল ১১টায় সিরাজগঞ্জ সদর থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) হাফিজুর রহমান।
গত বৃহস্পতিবার (২৮ মে) ঈদের দিন সন্ধ্যায় সিরাজগঞ্জ সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নের ছোনগাছা বাজার সংলগ্ন চামেলী মোড় এলাকায় মো. জহুরুল ইসলামের টং দোকানের সামনে পূর্ব শত্রুতার জেরে শাকিলকে ছুরিকাঘাত করা হয়। পরে তার মৃত্যু হয়।
তদন্তে পুলিশ জানতে পারে, কয়েকদিন আগে ছোনগাছা বাজার এলাকায় দ্রুতগতিতে মোটরসাইকেল চালানোকে কেন্দ্র করে প্রধান আসামি রাকিবের সঙ্গে নিহত শাকিল ও তার বন্ধুদের কথা-কাটাকাটি হয়েছিল। ঘটনার তিন-চারদিন আগে সেলুনে চুলকাটাকে কেন্দ্র করেও কথা-কাটাকাটি হয়েছিল।
এ ঘটনায় নিহত শাকিলের বড় ভাই রহমত উল্লাহ বাদী হয়ে মামলা দায়ের করেন। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কক্সবাজার চকরিয়া এলাকা থেকে রাকিবকে গ্রেপ্তার করে পুলিশ।
সংবাদ সম্মেলনে সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. হাফিজুর রহমান বলেন, ঈদের দিন হত্যাকাণ্ডটি ঘটে। এরপরই পুলিশ সুপারের দিক নির্দেশনায় সিরাজগঞ্জ সদর থানা ও জেলা গোয়েন্দা শাখার একাধিক টিম কাজ করা শুরু করে। একপর্যায়ে আমরা তাকে কক্সবাজার থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি৷ সে প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথাটি স্বীকার করেছে৷ মূলত দ্রুত গতিতে মোটরসাইকেল চালানো নিয়ে পূর্ব শত্রুতা ছিল৷
সংবাদ সম্মেলনে সিরাজগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (সিরাজগঞ্জ সদর সার্কেল) নাজরান রউফসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।