পুলিসিক-ম্যাককেনিদের নিয়ে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে যৌথভাবে অনুষ্ঠিত হবে ২০২৬ ফুটবল বিশ্বকাপ। ঘরের মাঠে বিশ্বমঞ্চের লড়াইয়ে মাঠে নামার জন্য ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র।

আজ বুধবার (২৭ মে) ক্রিশ্চিয়ান পুলিসিককে অধিনায়ক করে ২৬ সদস্যের এই দল ঘোষণা করেন যুক্তরাষ্ট্রের আর্জেন্টাইন কোচ মাউরিসিও পচেত্তিনো। কাতার বিশ্বকাপের অভিজ্ঞ তারকাদের পাশাপাশি তরুণ প্রতিভাদের মিশেলে বেশ শক্তিশালী দলই সাজিয়েছেন তিনি।

যুক্তরাষ্ট্রের আক্রমণভাগের মূল ভরসা অধিনায়ক ক্রিশ্চিয়ান পুলিসিক। ঘরের মাঠে দলের আক্রমণভাগকে নেতৃত্ব দেবেন তিনি। তার সঙ্গে আছেন ফোলারিন বালোগান, জিও রেইনা। আক্রমণের গতি বাড়াতে স্কোয়াডে মধ্যমাঠের দায়িত্বে থাকবেন ওয়েস্টন ম্যাককেনি, টাইলার অ্যাডামস।

দল ঘোষণা নিয়ে বেশ আত্মবিশ্বাসী যুক্তরাষ্ট্রের প্রধান কোচ মাউরিসিও পচেত্তিনো। তিনি বলেন, ‘আমরা শতভাগ নিশ্চিত যে বিশ্বকাপে সাফল্য এনে দেওয়ার জন্য এটিই আমাদের সেরা ২৬ জন খেলোয়াড়ের দল।’

সবাইকে ধন্যবাদ জানিয়ে পচেত্তিনো বলেন, ‘দল নির্বাচন করাটা বেশ কঠিন সিদ্ধান্ত ছিল। যারা এই পুরো যাত্রায় আমাদের সঙ্গে ছিলেন, তাদের সবার প্রতি আমি কৃতজ্ঞ। এই দলটি দেশের মাটিতে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করতে এবং ভক্তদের গর্বিত করতে নিজেদের সবটুকু উজাড় করে দিতে প্রস্তুত।’

বিশ্বকাপে ‘ডি’ গ্রুপে খেলবে স্বাগতিকরা। যেখানে তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, প্যারাগুয়ে এবং তুরস্ক। বাংলাদেশ সময় ১৩ জুন প্যারাগুয়েল বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে স্বাগতিকরা।

যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ স্কোয়াড

গোলরক্ষক : ক্রিস ব্রেডি, ম্যাট ফ্রিজ, ম্যাট টার্নার।

ডিফেন্ডার : ম্যাক্স আরফস্টেন, সার্জিনো ডেস্ট, অ্যালেক্স ফ্রিম্যান, মার্ক ম্যাককেঞ্জি, টিম রিম, ক্রিস রিচার্ডস, অ্যান্টোনি রবিনসন, মাইলস রবিনসন, জো স্ক্যালি, অস্টন ট্রাস্টি।

মিডফিল্ডার : টাইলার অ্যাডামস, সেবাস্টিয়ান বারহাল্টার, ওয়েস্টন ম্যাককেনি, ক্রিস্টিয়ান রোলদান, ব্রেন্ডেন অ্যারনসন, ক্রিশ্চিয়ান পুলিসিক (অধিনায়ক), জিও রেইনা, মালিক টিলম্যান, টিমোথি উইয়াহ, আলেহান্দ্রো জেন্দেহাস।

ফরোয়ার্ড : ফোলারিন বালোগান, রিকার্ডো পেপি, হাজি রাইট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *