রাজধানীতে রোড ডিভাইডার ভেঙে এক বাসে অন্য বাসের ধাক্কা, নিহত ৪

রাজধানীর নর্দ্দা এলাকায় ইসলাম পরিবহনের একটি বাস রোড ডিভাইডার ভেঙে বিপরীত লেনে থাকা আকাশ পরিবহনের একটি বাসকে ধাক্কা দিয়েছে। এতে দুই নারীসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১০ জন। আজ বুধবার (২৭ মে) সকাল ৬টা ৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- লাইজু বেগম, খুশি বেগম, মো. রবিউল ও কবির জমাদ্দার। আহতদের আশপাশের হাসপাতালে নেওয়া হয়েছে।

ঘটনার পর ওই এলাকার সড়কে যানজট সৃষ্টি হয়। পরিস্থিতি স্বাভাবিক করতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। দুর্ঘটনার পর থেকেই ইসলাম পরিবহনের বাসের চালক ও হেল্পার পলাতক রয়েছে। 

ঘটনাস্থল থেকে ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) নেসার উদ্দিন বলেন, পটুয়াখালী থেকে ছেড়ে আসা ইসলাম পরিবহনের একটি বাস নর্দ্দা এলাকায় বেপরোয়া গতিতে আসছিল। নতুন বাজার থেকে উত্তরামুখী সড়ক পার হওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারের উপরে বাস উঠিয়ে দেয়। গতি নিয়ন্ত্রণ করতে না পারায় বাসটি বিপরীত লেনের উত্তরা থেকে গুলিস্তানগামী সড়কে থাকা আকাশ পরিবহনের একটি বাসে ধাক্কা দেয়। 

ইসলাম পরিবহনের চালক হেল্পারকে খোঁজা হচ্ছে জানিয়ে নেসার উদ্দিন বলেন, গুলিস্তানগামী আকাশ পরিবহনের বাসে যাত্রী ছিল বেশি। ঘটনাস্থলেই মারা যান একজন নারী যাত্রী। কুর্মিটোলা হাসপাতালে মারা যাওয়ার পর আরও দুজনকে শনাক্ত করা হয়। এ নিয়ে তিনজনের মৃত্যু নিশ্চিত হওয়া গেছে। এছাড়া খবর পেয়েছি কবির জমাদ্দার নামের একজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। তাকে দেখতে যাচ্ছি। 

নেসার উদ্দিন আরও বলেন, এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজন গুরুতর অবস্থায় কুর্মিটোলা ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *