নেত্রকোনার পূর্বধলা উপজেলায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়ালের কামড়ে নারী-শিশুসহ অন্তত ১০ জন আহত হয়েছে। পরে গ্রামবাসী একজোট হয়ে শিয়ালটিকে পিটিয়ে মেরে ফেলেছে। আজ মঙ্গলবার (২৬ মে) বেলা ১টা থেকে ৩টার মধ্যে উপজেলার বিশকাকুনী ইউনিয়নের বাদেপুটিকা (বাগপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে।
শিয়ালের কামড়ে আহত ব্যক্তিদের পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের মধ্যে গুরুতর আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহত ব্যক্তিরা হলেন সুফিয়া (৫০), নজরুল (৪২), ফাতেমা (৮০), আয়েশা (৬০), আছিয়া (৭০), আব্দুল কুদ্দুছ (৫০), নজরুল (৪০), জুনাইদ (৯), অনিক (৭), নাজমুল (৫)। তারা সবাই বাদেপুটিকা গ্রামের বাসিন্দা।
এলাকাবাসী জানায়, দুপুরে বাড়ির বারান্দায় থাকা নয় বছরের শিশু জুনাইদ প্রথমে শিয়ালের হামলার শিকার হয়। এরপর শিয়ালটি একে একে গ্রামের বিভিন্ন বাড়িতে ঢুকে আরও কয়েকজনকে কামড়ে আহত করে। এতে পুরো এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে আত্মরক্ষার্থে গ্রামবাসী লাঠিসোঁটা নিয়ে রাস্তায় নেমে আসে। বিকেল ৩টার দিকে গ্রামের শতাধিক মানুষ শিয়ালটিকে খুঁজতে বের হয় এবং পাশের একটি ঝোপ থেকে সেটিকে ধরে পিটিয়ে হত্যা করে।
পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মোহাম্মদ সোহেল রানা জানান, আহতদের জলাতঙ্ক প্রতিরোধে প্রাথমিক চিকিৎসা ও ভ্যাকসিন দেওয়া হয়েছে। গুরুতর আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহে পাঠানো হয়েছে।
শিয়ালটি মারা পড়লেও আহতদের পরিবার এবং পুরো এলাকায় এখনও উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।