মুন্সীগঞ্জে আগুনে পুড়ল ১০ দোকান

মুন্সীগঞ্জের শ্রীনগরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০টি ব্যবসাপ্রতিষ্ঠান ও দোকানে থাকা মালামাল পুড়ে গেছে। আজ রোববার (২৪ মে) ভোর ৫টার দিকে উপজেলার আটপাড়া এলাকায় ছনবাড়ী-মুন্সীগঞ্জ সড়কের পাশে শ্রীনগর কোল্ড স্টোরেজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আগুনে একটি সিএনজিচালিত অটোরিকশাও পুড়ে যায়।

ফায়ার সার্ভিস জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। এ ঘটনায় প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত দোকানিরা।

শ্রীনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তখন দোকানগুলো জ্বলছিল এবং বিদ্যুতের সংযোগও চালু ছিল। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। দ্রুত আগুন নেভাতে পারায় পাশের আরও কয়েকটি দোকান বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *