৫-৭ দিনের মধ্যে শেষ হতে পারে রামিসা হত্যার বিচার: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার বিচার আগামী ৫ থেকে ৭ দিনের মধ্যে শেষ হতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রবিবার (২৪ মে) সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত ‘বিএসআরএফ সংলাপে’ তিনি এ কথা জানান। অনুষ্ঠানটি  সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে আয়োজন করা হয়।

সালাহউদ্দিন আহমদ বলেন, “রামিসা হত্যার ঘটনায় আসামিকে সাত ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করা হয়। একদিনের মধ্যে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আসামি। জবানবন্দিতে সহযোগী হিসেবে তার স্ত্রীর নাম আসে। তাকেও গ্রেপ্তার করা হয়েছে।”

তিনি জানান, আদালতের অনুমতি নিয়ে দ্রুত ডিএনএ টেস্ট করানো হয়। তিনদিনে টেস্ট শেষ হয়। রিপোর্ট জমা হয়েছে শনিবার বিকেলে। পোস্টমর্টেম রিপোর্টও হাতে পেয়েছে পুলিশ। সব নথি কম্পাইল করে শনিবার রাতেই চার্জশিটের কাজ শেষ হয়েছে। আজ রবিবার তা আদালতে সোপর্দ করা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “মামলাটি দ্রুত নিষ্পত্তির জন্য একজন স্পেশাল পিপি (পাবলিক প্রসিকিউটর) নিয়োগ দেওয়া হয়েছে। আদালত ছুটিতে গেলেও এই বিশেষ আদালতের ছুটি বাতিলের কথা ভাবছেন প্রধান বিচারপতি। আইন মন্ত্রণালয় বিষয়টি দেখছে। সব মিলিয়ে আজ চার্জশিট জমা হবে। ৫ থেকে ৭ দিনের মধ্যে বিচার শেষ হবে বলে আমরা আশা করছি।”

রামিসার পর কলাবাগানে একই ঘটনা নিয়ে প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “এটা সামাজিক অবক্ষয়। সামাজিক ও ধর্মীয় মূল্যবোধ ফিরিয়ে আনতে হবে। অপসংস্কৃতির কারণে ধর্ষণের মাত্রা সহ্যসীমার বাইরে যাচ্ছে। সরকার হিসেবে আমরা আইনানুগ ব্যবস্থা ও দ্রুত বিচার নিশ্চিত করছি। গত ৩ মাসে ধর্ষণ-হত্যার সব ঘটনায় অভিযুক্তরা গ্রেপ্তার হয়েছে। ভবিষ্যতে এ ধরনের ঘৃণ্য অপরাধে কাউকে ছাড় দেওয়া হবে না।”

সংলাপে সভাপতিত্ব করেন বিএসআরএফ সভাপতি মাসউদুল হক। উপস্থিত ছিলেন- প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদল।

এসএন/পিডিকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *