চোখের চিকিৎসা করাতে গিয়ে লাশ হয়ে ফিরল পুরো পরিবার

ফরিদপুরের নগরকান্দায় বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের চারজনসহ মোট পাঁচজন নিহত হয়েছেন। আজ রোববার (২৪ মে) বেলা ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের শংকরপাশা বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। চোখের চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পথে প্রাণ হারাল পুরো পরিবার।

নিহতরা হলেন- মাদারীপুর জেলার মোস্তফাপুর এলাকার বাসিন্দা মো. জাহাঙ্গীর মোল্লা (৬২), তার ভাই মো. আলমগীর হোসেন মোল্লা (৫৮), খুরশিদা বেগম (৪৫), মাজেদা আক্তার (৪৮) ও অ্যাম্বুলেন্স চালক কাওছার (২৫)। নিহতদের মরদেহ উদ্ধার করে ভাঙ্গা হাইওয়ে থানায় নিয়ে যাওয়া হয়েছে।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারীপুরের মোস্তফাপুর এলাকার মো. আলমগীর হোসেন দীর্ঘদিন ধরে চোখের সমস্যায় ভুগছিলেন। আজ সকালে তার উন্নত চিকিৎসার উদ্দেশে পরিবারের সদস্যরা একটি অ্যাম্বুলেন্স ভাড়া করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের দিকে রওনা হন। পথে শংকরপাশা বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী বিআরটিসির একটি যাত্রীবাহী বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সটির মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষে অ্যাম্বুলেন্সটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সে থাকা রোগীসহ একই পরিবারের চার আরোহী প্রাণ হারান। পরে দুর্ঘটনাকবলিত গাড়ির সিট কেটে চালক কাওছারের মরদেহ উদ্ধার করা হয়।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলালউদ্দিন জানান, খবর পাওয়ার পরপরই নগরকান্দা উপজেলা ফায়ার সার্ভিস, নগরকান্দা থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যৌথভাবে উদ্ধার অভিযান পরিচালনা করে।

দুর্ঘটনার পর মহাসড়কে সাময়িকভাবে যান চলাচল বিঘ্নিত হলেও পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি সড়ক থেকে সরিয়ে নিলে রাস্তায় যান চলাচল পুনরায় স্বাভাবিক হয়। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *