সায়নীর পর এবার সোহমকে হত্যার হুমকি

পশ্চিমবঙ্গে সাম্প্রতিক সময়ে রাজনৈতিক ও বিনোদন অঙ্গনের ব্যক্তিদের ঘিরে হুমকির ঘটনা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। সম্প্রতি তৃণমূল কংগ্রেসের নেত্রী ও অভিনেত্রী সায়নী ঘোষকে হত্যার হুমকি দেওয়ার ঘটনা নিয়ে যখন উত্তেজনা তুঙ্গে, ঠিক তখনই একই দলের সাবেক বিধায়ক ও টলিউড অভিনেতা সোহম চক্রবর্তীও প্রাণনাশের হুমকি পেয়েছেন।

গতকাল বুধবার সাংবাদিক সম্মেলন করে সমগ্র ঘটনার বিস্তারিত তুলে ধরেন এই অভিনেতা। অভিযোগের তির প্রযোজক তরুণ দাসের দিকে, যার সঙ্গে বহু বছর আগে একটি সিনোম নিয়ে আর্থিক লেনদেন হয়েছিল বলে দাবি সোহমের।

নায়কের বক্তব্য অনুযায়ী, ২০১৮ সালে মহুয়া চক্রবর্তী পরিচালিত ওই প্রযোজকের সঙ্গে একটি সিনেমাতে কাজ করার কথা হয়েছিল। সেই সময় সিনেমায় অভিনয়ের জন্য সোহমকে ১৫ লাখ রুপি সাইনিং মানি দেওয়া হয়েছিল। তবে কিছুদিন পরই পরিচালক প্রযোজকের আচরণে অসন্তুষ্ট হয়ে সিনেমাটি থেকে সরে দাঁড়ান। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সিনেমাটির কাজ আর এগোয়নি।

সোহমের দাবি, মঙ্গলবার প্রযোজক তরুণ তার সঙ্গে যোগাযোগ করে অগ্রিম নেওয়া টাকা ফেরত চান। অভিনেতার কথায়, তিনি সরাসরি জানিয়ে দেন যে এই মুহূর্তে টাকা ফেরত দেওয়া তার পক্ষে সম্ভব নয়। তবে সিনেমাটি যদি এখনো করতে চান, তাহলে তিনি শুটিংয়ের জন্য সময় দিতে রাজি আছেন। অর্থাৎ কাজের মাধ্যমেই বিষয়টি মিটিয়ে নেওয়ার প্রস্তাব দেন তিনি।

সোহমের অভিযোগ, সেই আলোচনার পরই পরিস্থিতি অন্যদিকে মোড় নেয়। সোহম জানান, রাতে তার কাছে ফোন আসে এবং সেখানেই তাকে ভয় দেখানো হয়। শুধু আর্থিক বিষয় নয়, কথোপকথনের মধ্যে রাজনৈতিক প্রসঙ্গও টেনে আনা হয় বলে দাবি অভিনেতার। তাকে নাকি বলা হয়, এখন রাজ্যে সরকার পরিবর্তন হয়েছে, ফলে আগের মতো পরিস্থিতি আর নেই এবং তাকে নানা সমস্যার মুখে পড়তে হতে পারে। এমনকি প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।

সাংবাদিক সম্মেলনে স্পষ্টতই ক্ষুব্ধ ও উদ্বিগ্ন দেখায় অভিনেতাকে। তার বক্তব্য, আর্থিক বা পেশাগত মতবিরোধ থাকতেই পারে, কিন্তু সেই কারণে কাউকে ভয় দেখানো বা প্রাণনাশের হুমকি দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিষয়টিকে তিনি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছেন এবং আইনি পথেই এগোতে চান বলে জানিয়েছেন।

সোহম জানান, তিনি প্রশাসনের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। পুরো ঘটনার বিবরণ এবং ফোনে হুমকির অভিযোগ জানিয়ে পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করবেন বলেও জানান তিনি। পাশাপাশি, ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি তোলেন অভিনেতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *