পবিত্র ঈদুল আজহার ছুটিতে গ্রাহকদের লেনদেনে ভোগান্তি রোধসহ আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে আগাম বিশেষ সতর্কতা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকগুলোর এটিএম বুথে পর্যাপ্ত নগদ অর্থ সরবরাহ নিশ্চিত করাসহ পিওএস, ই-পেমেন্ট গেটওয়ে ও মোবাইল ফিন্যানশিয়াল সার্ভিস (এমএফএস) পুরোদমে সচল রাখতে বিশেষ নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংকটি।
আজ বৃহস্পতিবার (২১ মে) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট থেকে এ সংক্রান্ত নির্দেশনা পাঠানো হয়।
এদিকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা ৭ দিন দেশের তফসিলি ব্যাংকগুলো বন্ধ থাকবে। আগামী ২৫ থেকে ৩১ মে পর্যন্ত এসব ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা ছুটি পাবেন। আগামী শনিবার (২৩ মে) ব্যাংকগুলোর সব শাখা ও উপশাখা খোলা থাকবে।
বিশেষ ওই নির্দেশনা বলা হয়, ঈদের ছুটিতে গ্রাহকরা কোনো ধরনের ভোগান্তিতে না পড়েন সেজন্য আগে ভাগেই ব্যাংকগুলোকে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে হবে। তফসিলি ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো সার্কুলারে অটোমেটেড টেলার মেশিন (এটিএম) বুথের ক্ষেত্রে বলা হয়, সার্বক্ষণিক এটিএম সেবা নিশ্চিত করতে হবে। এটিএম বুথে কোনো ধরনের কারিগরি ত্রুটি দেখা দিলে দ্রুততম সময়ে সমাধান করতে হবে। পর্যাপ্ত টাকা সরবরাহ নিশ্চিত করতে হবে। বুথে সার্বক্ষণিক পাহারাদাদের সতর্ক অবস্থানসহ অন্যান্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
পয়েন্ট অব সেলের (পিওএস) ক্ষেত্রে সার্বক্ষণিক পিওএস সেবা নিশ্চিত করা, জাল-জালিয়াতি রোধে মার্চেন্ট এবং গ্রাহককে সচেতন করতে হবে। ই-পেমেন্ট গেটওয়ের ক্ষেত্রে কার্ডভিক্তিক কার্ড নট প্রেজেন্ট’ লেনদেনের ক্ষেত্রে টু-ফ্যাক্টর অথেনটিকেশন ব্যবস্থা চালু রাখতে হবে। মোবাইল ফিন্যানশিয়াল সার্ভিস প্রদানকারী সব ব্যাংক এবং তাদের সাবসিডিয়ারি কোম্পানিকে নিরবচ্ছিন্ন লেনদেন নিশ্চিত করতে হবে। এ ছাড়া ঈদের ছুটিকালীন সময়ে যেকোনো অংকের লেনদেনের তথ্য এসএমএস এলার্ট সার্ভিসের মাধ্যমে গ্রাহককে জানাতে হবে। ইলেকট্রনিক পদ্ধতিতে সব ধরনের পরিশোধ সেবার ক্ষেত্রে গ্রাহকদের সতর্ক করতে প্রচার প্রচারণা চালাতে বলা হয়। গ্রাহককে সার্বক্ষণিক হেল্প লাইন সহায়তা দিতে হবে। আগের জরি করা এ সংক্রান্ত পরিপত্রের নির্দেশনা যথাযথভাবে পরিপালন করতে হবে।