প্রেমিকা উপস্থিত থাকলেও বিজয়ের শপথে ছিলেন না স্ত্রী-সন্তানরা

তামিলনাড়ুর রাজনীতিতে নতুন ‘থালাপাতি’ হিসেবে শপথ নিলেন বিজয়। বর্ণাঢ্য এই আয়োজন ঘিরে উৎসবের আমেজ থাকলেও, সামাজিক মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল এক অদ্ভুত শূন্যতা। 

এনডিটিভির খবর, এই ঐতিহাসিক মুহূর্তে বিজয়ের পাশে দেখা যায়নি তাঁর স্ত্রী সঙ্গীতা সোর্নালিঙ্গম কিংবা দুই সন্তান জেসন সঞ্জয় ও দিব্য সাশাকে। ভক্তদের অনেকের মতে, এমন গুরুত্বপূর্ণ দিনে পরিবারের অনুপস্থিতি পুরো দৃশ্যকে কিছুটা ‘অসম্পূর্ণ’ করে তুলেছে।

শপথ অনুষ্ঠানের সময় দর্শকসারির প্রথম সারিতে নজর কাড়েন বিজয়ের প্রেমিকা বলে আলোচিত তৃষা কৃষ্ণান। শুধু উপস্থিতিই নয়, বিজয়ের মা শোভা চন্দ্রশেখরের পাশেই তাঁর বসা নিয়েও সামাজিক মাধ্যমে শুরু হয় নানা আলোচনা। অনেক নেটিজেন প্রশ্ন তোলেন, ‘নতুন মুখ্যমন্ত্রী, নতুন অধ্যায়—তাহলে কি নতুন সম্পর্কের ইঙ্গিত?’

এদিকে জানা গেছে, দীর্ঘ দাম্পত্যের পর চলতি বছরের ফেব্রুয়ারিতে চেঙ্গলপট্টি পারিবারিক আদালতে বিচ্ছেদের মামলা করেন সঙ্গীতা। তাঁর আবেদনে উঠে এসেছে অতীত জীবনের নানা অভিযোগ ও টানাপোড়েন, যা নিয়ে এখনো আইনি প্রক্রিয়া চলছে। পরবর্তী শুনানির তারিখ নির্ধারিত হয়েছে আগামী ১৫ জুন।

শপথ অনুষ্ঠানে ‘আমি শ্রী জোসেফ বিজয়…’ বলে দায়িত্ব গ্রহণের সময় স্টেডিয়ামে করতালি থাকলেও অনলাইনে অনেক ভক্তই এই ব্যক্তিগত অনুপস্থিতিকে নিয়ে আবেগ প্রকাশ করেন। তাদের মতে, রাজনৈতিক সাফল্যের মুহূর্তেও পারিবারিক দূরত্ব আলোচনার বাইরে থাকেনি।

বিজয়ের বাবা এস এ চন্দ্রশেখর এবং মা অনুষ্ঠানে উপস্থিত থাকলেও, পরিবারের মূল সদস্যদের অনুপস্থিতি এই রাজনৈতিক উত্থানকে ব্যক্তিগতভাবে কিছুটা প্রশ্নবিদ্ধ করে তুলেছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। ফলে তামিলনাড়ুর নতুন রাজনৈতিক অধ্যায়ের পাশাপাশি বিজয়ের ব্যক্তিগত জীবনও এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *