ঢাবি শিক্ষার্থী মুনিরার আত্মহত্যা : শিক্ষক সুদীপ কারাগারে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মুনিরা মাহজাবিন মিমোর আত্মহত্যায় প্ররোচনার মামলায় অধ্যাপক সুদীপ চক্রবর্তীকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

আজ বুধবার (৬ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াস এ আদেশ দেন।

গত ৩ মে অধ্যাপক সুদীপ চক্রবর্তীকে তিন দিনের রিমান্ডে পাঠায় পুলিশ। গত ২৯ এপ্রিল মামলার তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) কাজী ইকবাল হোসেন আসামিকে আদালতে হাজির করে তিন দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেছিলেন। পরে আদালত আসামির উপস্থিতিতে রিমান্ড শুনানির জন্য ৩ মে নির্ধারণ করেন।

নথি থেকে জানা গেছে, গত ২৬ এপ্রিল রাজধানীর উত্তর বাড্ডায় নিজ বাসায় ঢাবি শিক্ষার্থী মুনিরা মাহজাবিন মিমোর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ সময় একটি চিরকুট পাওয়া যায়। সেখানে লেখা ছিল—‘সুদীপ স্যারকে ৫০ হাজার টাকা দিতে হবে। হানি আর সুদীপ স্যার ভালো থাকো। স্যারের দেওয়া গিফটগুলো ফেরত দেওয়া…।’

পরে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে ওই শিক্ষার্থীর বাবা মোহাম্মদ গোলাম মোস্তফা বাদী হয়ে সুদীপ চক্রবর্তীকে আসামি করে মামলা করেন। পরবর্তীতে বিগত ২৬ এপ্রিল দিনগত রাত ৩টা ২০ মিনিটে রাজধানীর উত্তর বাড্ডা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *