নওগাঁয় পৃথক স্থানে বজ্রাঘাতে নিহত ৩

নওগাঁর মহাদেবপুর ও নিয়ামতপুর উপজেলায় পৃথক স্থানে বজ্রপাতের ঘটনায় তিন কৃষক নিহত হয়েছেন।  আজ বুধবার ( ৬ মে) বিকেলে এই মৃত্যুর ঘটনাগুলো ঘটে। তারা সবাই মাঠে ধান কাটার কাজ করছিলেন। 

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, বজ্রাঘাতে নিহত দিলিপ চন্দ্র বর্মণ মাঠে কাজ করছিলেন। এ সময় বজ্রাপাতে তার মৃত্যু হয়। নিহত দিলিপের বাড়ি উপজেলার খাজুর ইউনিয়নের কুড়াপাড়া গ্রামে। 

অন্যদিকে নিয়ামতপুর উপজেলায় পৃথক স্থানে বজ্রপাতে দুজন কৃষিশ্রমিকের মৃত্যু হয়েছে। 

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, উপজেলার পৃথক স্থানে বজ্রাঘাতে দুজন শ্রমিকের মৃত্যু হয়েছে। হাজীনগর ইউনিয়নে ধান কাটার সময় আকস্মিক বজ্রাঘাতে রফিকুল ইসলাম নামের এক শ্রমিক ঘটনাস্থলেই নিহত হন। তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জে উপজেলার খাসিয়া পাড়া গ্রামে। তিনি চাঁপাইনবাবগঞ্জ থেকে নিয়ামতপুরে শ্রমিক হিসেবে ধান কাটতে এসেছিলেন।

‎অপরদিকে, নিয়ামতপুর উপজেলার চন্দননগরে বজ্রাঘাতে অনুকূল চন্দ্র মোহন্ত নামে এক ব্যক্তি মারা গেছেন। তার বাড়ি  নিয়ামতপুর উপজেলার চন্দননগর ইউনিয়নের রামনগর গ্রামে। 

দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রাকৃতিক দুর্যোগে নিহত প্রত্যেক ব্যক্তিকে ২৫ হাজার টাকা করে আর্থিক অনুদান দেওয়া হবে বলে জানিছেন মহাদেবপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা গোলাম রব্বানী ও নিয়ামতপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. এনামুল হক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *