নিজ আসনের আইনশৃঙ্খলা নিয়ে পুলিশের সঙ্গে নাহিদ ইসলামের মতবিনিময়

ঢাকা-১১ আসনের আইনশৃঙ্খলাসহ সার্বিক পরিস্থিতি নিয়ে পুলিশের সঙ্গে মতবিনিময় সভা করেছেন ওই আসনের সংসদ সদস্য, বিরোধী দলীয় চিফ হুইপ এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম। সভায় এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

আজ বুধবার (৬ মে) এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

স্থানীয়দের জমি দখল প্রতিরোধে ভূমিদস্যুদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ, মাদক ব্যবসায়ী ও মাদক সিন্ডিকেটের মূল নিয়ন্ত্রকদের বিরুদ্ধে অভিযান জোরদার, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহার, কিশোর গ্যাং ও ছিনতাইকারীদের দৌরাত্ম্য কমাতে নিয়মিত টহল ও অভিযান পরিচালনা, যানজট নিরসনে অবৈধ পার্কিং বন্ধ এবং থানাগুলোতে জনসেবার মান উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান নাহিদ ইসলাম।

এ সময় বিরোধী দলীয় চিফ হুইপ রাজনৈতিক বা দলীয় পরিচয় বিবেচনা না করে অপরাধে জড়িত কাউকেই ছাড় না দেওয়ার ওপর জোর দেন। পাশাপাশি, রাজনৈতিক কারণে যেন কেউ হয়রানির শিকার না হয়, সে বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানান তিনি।

সভায় সংসদ সদস্যের উত্থাপিত প্রতিটি বিষয় গুরুত্বসহ পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন ঢাকা মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। মাদক, ছিনতাই ও কিশোর গ্যাং দমনে টহল এবং বিশেষ অভিযান আরও জোরদার করা হবে বলেও তারা জানান।

মতবিনিময় সভায় ডিএমপির যুগ্ম কমিশনার (অপরাধ) মো. ফারুক হোসেন, তেজগাঁও ও মতিঝিল বিভাগের উপকমিশনার (ডিসি) এবং ঢাকা-১১ আসনের অন্তর্ভুক্ত চারটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *