মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য শান্তি চুক্তির বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইতিবাচক ইঙ্গিতের পর বিশ্ববাজারে স্বর্ণের দামে ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। আজ বুধবার (৬ মে) আন্তর্জাতিক বাজারে নিরাপদ বিনিয়োগ হিসেবে পরিচিত এই ধাতুর দাম ২ দশমিক ৭ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৬৮০ দশমিক ৯১ ডলারে দাঁড়িয়েছে। যা গত ২৮ এপ্রিলের পর অর্থাৎ গত ১০ দিনের মধ্যে সর্বোচ্চ।
বাজার পরিস্থিতি ও রেকর্ড দর
স্পট গোল্ড : আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম ২ দশমিক ৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
গোল্ড ফিউচার : যুক্তরাষ্ট্রে জুন মাসে সরবরাহের জন্য স্বর্ণের দাম ২ দশমিক ৭ শতাংশ বেড়ে ৪ হাজার ৬৯৩ দশমিক ২০ ডলারে পৌঁছেছে।
রুপা ও অন্যান্য ধাতু : স্বর্ণের পাশাপাশি রুপার দাম ৪ দশমিক ৬ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৭৬ দশমিক ১৬ ডলারে দাঁড়িয়েছে। এছাড়া প্ল্যাটিনাম ২ দশমিক ৯ শতাংশ এবং প্যালাডিয়াম ২ দশমিক ৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে একটি পূর্ণাঙ্গ চুক্তির লক্ষ্যে তিনি সাময়িকভাবে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের নিরাপত্তা অভিযান ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিত করবেন। বাজার বিশ্লেষকদের মতে, ভূ-রাজনৈতিক ঝুঁকির প্রিমিয়াম কমে যাওয়ায় তেলের দাম কমেছে এবং ডলারের মান কিছুটা শিথিল হয়েছে। যা পরোক্ষভাবে স্বর্ণের বাজারকে চাঙ্গা করেছে। সাধারণত ডলার দুর্বল হলে অন্যান্য মুদ্রার ধারকদের কাছে স্বর্ণ কেনা সাশ্রয়ী হয়ে ওঠে। ফলে স্বর্ণের চাহিদা ও দাম বাড়িয়ে দেয়।
ওআন্ডার সিনিয়র মার্কেট অ্যানালিস্ট কেলভিন অং জানান, মধ্যপ্রাচ্যে চলমান ভঙ্গুর যুদ্ধবিরতি অটুট থাকার খবরে তেলের দাম কমলেও নিরাপদ সম্পদ হিসেবে স্বর্ণের আবেদন বেড়েছে। দুই দেশের মধ্যে পুনরায় উত্তেজনা বাড়লে স্বল্পমেয়াদী বিনিয়োগকারীরা মুনাফা তুলে নিতে শুরু করতে পারেন।