প্রথম দিনেই আবাহনীর অঘটন, জয় দিয়ে শুরু মোহামেডানের

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) পর্দা উঠেছে আজ। প্রথম দিনেই মাঠে নেমেছিল ১২টি দল। অঘটন দিয়ে আসর শুরু করেছে আবাহনী লিমিটেড। তাদেরকে হারিয়েছে চমক দিয়েছে নবাগত দল ঢাকা লিওপার্ডস। আরেক ম্যাচে জয় দিয়ে শুভ সূচনা করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। জয় পেয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ, গাজী গ্রুপ ক্রিকেটার্স, বসুন্ধরা স্ট্রাইকার্স ও প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব।

প্রথম দিনেই আবাহনীর অঘটন, হারল নবাগত ঢাকা লিওপার্ডের কাছে

শুরুটা ভালো হলো না আবাহনীর। পরের ব্যাটাররাও সেভাবে দায়িত্ব নিতে পারলেন না। শেষদিকে সাব্বির রহমান পুরোনো ছন্দে ফিরে স্কোরবোর্ডে কিছু রান যোগ করলেন। তবে জাকির হাসানের ব্যাটে সেটি সহজেই উতরে গেল ঢাকা লিওপার্ডস। ৫ উইকেটের জয়ে অভিষেক রাঙালো তারা।

দলীয় ১২ রানের মধ্যেই দুই উইকেট হারাল আবাহনী। সেই ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করলেন মাহিদুল ইসলাম অঙ্কন আর এসএম মেহরব। ৪৪ বলে ৩৮ রানে মাহিদুল আর ৪১ বলে ৩৮ রানে মেহরব ফিরলে আবারও ব্যাটিং ধ্বসে পড়ে আবাহনী। শেষদিকে ব্যাটিংয়ে নেমে ২৯ বলে ৫৫ রানের ঝড়ো ইনিংস খেলেন সাব্বির। আবাহনীর পুঁজি দাঁড়ায় ১৮১ রান।

জবাব দিতে নেমে লিওপার্ডসের ভরসার প্রতীক হয়ে দাঁড়ান জাকির হাসান। ইনিংসে শুরু করতে নেমে ৬৬ বলে ৭৬ রানের দারুণ ইনিংস খেলেন জাকির। জাওয়াদ আবরার ১৮ বলে ২৩, সৈকত আলী ২৯ বলে ২৮ আর মোহাম্মদ মিঠুন ৪০ বলে ৩৭ রানের ইনিংস খেলে দলকে জয় এনে দেন।

সিটিকে হারিয়ে জয় দিয়ে আসর শুরু মোহামেডানের

শুরুটা করে দিয়ে গেলেন রিপন মন্ডল। এরপর শেষ করলেন দুই স্পিনার নাঈম আহমেদ আর রিশাদ হোসেন। তাদের স্পিন বিষে নীল হয়ে একে একে ফিরলেন সিটি ক্লাবের ব্যাটাররা। সিটির ইনিংস থামল দুইশর আগেই। এরপর এনামুল হক বিজয়ের দায়িত্বশীল ব্যাটিং আর ইয়াসীর আলীর ঝড়ে সহজেই জয় পেয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব।

স্বল্প রান তাড়া করতে নেমে একপ্রান্ত আগলে রেখে দায়িত্বশীল ব্যাটিং করেন বিজয়। শেষ পর্যন্ত তিনি থামেন ৮৮ বলে ৮০ রান করে। তাকে সঙ্গ দিতে নেমে আফিফ হোসেন ৫২ বলে ২৭, তাওহিদ হৃদয় ৩৫ বলে ৩৪ আর ইয়াসীর আলী ২৩ বলে ৩৬ রানের ইনিংস খেলেন।

এর আগে ব্যাট করতে নেমে মোহামেডানের দুই স্পিনার নাঈম আর রিশাদের তোপের মুখে পড়েন সিটির ব্যাটাররা। দলে হয়ে সর্বোচ্চ ৬৩ বলে ৫৬ রান করেন সাদিকুর রহমান। এর বাইরে দুই অঙ্কের ঘর ছুঁয়েছেন আর তিনজন ব্যাটার– আহরার আমিন (৪১ বলে ৩১), সাজ্জাদুল হক রিপন (৩১ বলে ২৯) ও এনামুল হক এনাম (৪৪ বলে ৩৫)।

মোহামেডানের হয়ে সর্বোচ্চ চারটি উইকটে শিকার করেন নাঈম আহমেদ। দুটি করে উইকেট নেন রিশাদ হোসেন আর রিপন মন্ডল।

আশিক-মেহেদীদের ব্যাটিংয়ে লিজেন্ড অব রূপগঞ্জের শুভ সূচনা

লিজেন্ডস অপ রূপগঞ্জের হয়ে ইনিংসের শুরু করতে নেমে শেষ পর্যন্ত থাকলেন আশিকুর রহমান শিবলী। একপ্রান্ত আগলে রেখে তিন অঙ্কের ম্যাজিক ফিগার ছোঁয়ার কাছেও চলে গিয়েছিলেন তিনি। তবে, ফিরতে হলো আক্ষেপ নিয়েই।

লিজেন্ডস অব রূপগঞ্জের এই ব্যাটার শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৯৯ রানে। তার ৮৪ বলের ইনিংসটি সাজানো ছিল ১১ চার আর ৩ ছক্কায়। এর বাইরে ইরফান শুক্কুর ৫১ বলে ৬০, সাইমন বশির রাতুল ২২ বলে ৪৬ আর অধিনায়ক শেখ মেহেদী ১৬ বলে ৪৯ রানের ঝড়ো ইনিংস খেলেন। এতে ৩৪ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৮৩ রানের পুঁজি দাঁড় করায় লিজেন্ডস।

রান তাড়ায় নেমে রূপগঞ্জ টাইগার্সের আব্দুল মজিদ, কালাম সিদ্দিকী অ্যালিন আর মুক্তার আলী ব্যতীত বাকিরা সেভাবে দ্বায়িত্ব নিতে পারেননি। ইনিংসের শুরু করতে নেমে আব্দুল মজিদ ৩৮ বলে ৪১, কালাম সিদ্দিকী ৪৬ বলে ৭৮ রানের ইনিংস খেলেন। মুক্তার শেষ দিতে ২৭ বলে ৫২ রানের ঝড়ো ইনিংস খেললেও সেটি কেবল হারের ব্যবধানই কমিয়েছে। ৩৪ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৬১ রানে থামে রূপগঞ্জ টাইগার্স।

ব্রাদার্স ইউনিয়নকে উড়িয়ে দিল গাজী গ্রুপ

চরম ব্যাটিং ব্যর্থতায় স্কোরবোর্ডে ১০০ রানও যোগ করতে পারল না ব্রাদার্স ইউনিয়ন। ২৯.৪ ওভারে গুটিয়ে যাওয়ার আগে মোটে ৮২ রান করতে পারল তারা। জবাব দিতে নেমে মাত্র ১৪.৩ ওভারে এক উইকেট হারিয়েই জয় তুলে নিয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স।

টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই যাওয়া-আসার মিছিল ধরেন ব্রাদার্সের ব্যাটাররা। পুরো ইনিংসে মোটে দুইজন ব্যাটার দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পেরেছেন। ওপেনার শাহরিয়ার কমল ৪১ বলে ২৬ রান আর ফয়সাল আহমেদ রায়হান ৪৩ বলে ২১ রান করেছেন। ৮ ওভারে মাত্র ১৬ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন স্পিনার মোহাম্মদ রুবেল।

রান তাড়ায় নেমে ১৬ বলে ১১ রান করে ওপেনার মুনিশ শাহরিয়ার ফিরলেও জয় পেতে সমস্যা হয়নি গাজী গ্রুপের। আরেক ওপেনার নাঈম আহমেদ অপরাজিত থাকেন ৪৯ বলে ৪৮ রানে। তিন নম্বরে নেমে রুবেল মিয়া অপরাজিত থাকেন ২২ বলে ১৮ রানে। ৯ উইকেটে জয় তুলে নেয় গাজী।

দিনের আরেক ম্যাচে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব ৪ উইকেটে হারিয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে। প্রধমে ব্যাট করে ২৯.১ ওভারে গুটিয়ে যাওয়ার আগে ১৫৩ রান করেছিল অগ্রণী ব্যাংক। জবাব দিতে নেমে ২৮.৫ ওভারে ৬ উইকেট হারিয়েই জয় তুলে নেয় প্রাইম ব্যাংক।

অন্য ম্যাচে নবাগত বসুন্ধরা স্ট্রাইকার্স ২৬ রানে হারিয়েছে গুলশান ক্রিকেট ক্লাবকে। প্রথমে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৮০ রান করে বসুন্ধরা। জবাব দিতে নেমে ৪৯.৫ ওভারে গুটিয়ে যাওয়ার আগে ২৫৪ রান করতে পারে গুলশান। বসুন্ধরা জয় তুলে নেয় ২৬ রানে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *