বোর্ড সভা শেষে নির্বাচন নিয়ে যে সিদ্ধান্ত জানাল বিসিবি

তামিম ইকবালের নেতৃত্বে বিসিবির অ্যাডহক কমিটির তৃতীয় বোর্ড সভা আজ সোমবার (৪ মে) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিসিবি অফিসে অনুষ্ঠিত হয়েছে। এই সভায় বর্তমান ক্রিকেট বোর্ডের ভবিষ্যৎ ও আসন্ন নির্বাচন নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বোর্ড সভা শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, নির্বাচন আয়োজনের প্রথম ধাপ হিসেবে বিসিবির গঠনতন্ত্রের ১২.১ অনুচ্ছেদ অনুযায়ী সব বিভাগ ও ক্যাটাগরি থেকে কাউন্সিলরদের নাম পাঠানোর জন্য শিগগিরই নোটিশ জারি করা হবে।

সভায় নির্বাচন কমিশন গঠনের বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, পরবর্তী নির্বাচন পরিচালনার জন্য তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হবে। এর মধ্যে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত একজন থাকবেন। আর বাকি দুজন চূড়ান্ত করবে বিসিবি।

এদিনের সভায় চট্টগ্রাম, সিলেট ও বরিশালের আঞ্চলিক ক্রিকেট সংস্থাগুলোর অ্যাডহক কমিটি বিলুপ্ত করার বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে আঞ্চলিক এই ক্রিকেট সংস্থাগুলোর আগের কমিটিগুলো এখন থেকে আর কার্যকর থাকছে না।

মাঠের লড়াই ও নির্বাচনের প্রস্তুতির পাশাপাশি বিসিবির বাণিজ্যিক দিকেও বড় খবর এসেছে। আগামী দুই বছরের জন্য বিসিবির অফিসিয়াল বেভারেজ (পানীয়) পার্টনার হিসেবে যুক্ত হয়েছে কোকা-কোলা বাংলাদেশ। এখন থেকে বিসিবির সব ইভেন্টে অফিশিয়াল ড্রিংকিং ওয়াটার ও বেভারেজ সরবরাহ করবে এই প্রতিষ্ঠানটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *