বিমানবন্দরে হারিয়ে গেল নির্মাতার অস্কার, তারপর…

অস্কার জয়ের আনন্দ মুহূর্তেই বিষাদে বদলে গেল রুশ নির্মাতা পাভেল তালানকিনের জীবনে। নিউইয়র্ক থেকে জার্মানি যাওয়ার পথে হারিয়ে গেছে তার জিতে নেওয়া সেরা তথ্যচিত্রের অস্কার মূর্তি।

‘মিস্টার নোবডি এগেইনস্ট পুতিন’ নির্মাণের জন্য এ বছর এই সম্মাননা পান তিনি। অস্কার হাতে নিয়েই জার্মানির বিমান সংস্থা লুফথানসার একটি ফ্লাইটে নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্রাঙ্কফুর্টের উদ্দেশে রওনা দেন পাভেল।

তবে যাত্রার শুরুতেই তৈরি হয় জটিলতা। যুক্তরাষ্ট্রের বিমানবন্দর নিরাপত্তা সংস্থা জানায়, প্রায় ৮.৫ পাউন্ড ওজনের এই মূর্তিটি বিমানে নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে। সহ-পরিচালক ডেভিড বোরেনস্টাইন জানান, নিরাপত্তাকর্মীরা এটিকে সম্ভাব্য অস্ত্র হিসেবেও বিবেচনা করেন।

নিজের সঙ্গে বহনের অনুমতি না থাকায় বাধ্য হয়ে মূর্তিটি একটি বাক্সে ভরে বিমানের মালামাল রাখার অংশে পাঠিয়ে দেন পাভেল। কিন্তু ফ্রাঙ্কফুর্টে পৌঁছানোর পর দেখা যায়, সেই বাক্সটির আর কোনো খোঁজ নেই।

ঘটনায় ক্ষোভ ও বিস্ময় প্রকাশ করে পাভেল বলেন, ‘অস্কারকে কিভাবে অস্ত্র হিসেবে দেখা হতে পারে, তা ভেবে আমি অবাক। এর আগে বহুবার আমি এটি সঙ্গে নিয়েই ভ্রমণ করেছি, কখনো এমন সমস্যায় পড়িনি।’

এদিকে লুফথানসা কর্তৃপক্ষ জানিয়েছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা ইতিমধ্যে মূর্তিটি খুঁজে বের করার চেষ্টা শুরু করেছেন এবং দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *