ইতালিতে ছোট ভাইকে হত্যা করে বাংলাদেশে পরিবারকে মরদেহ দেখাল হুমায়ুন

ইতালিতে বসবাসরত দুই প্রবাসী ভাইয়ের পারিবারিক কলহ শেষ পর্যন্ত এক মর্মান্তিক হত্যাকাণ্ডে রূপ নিয়েছে। ইতালির লেইজ শহরে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই নিহত হয়েছেন। ঘটনার পর অভিযুক্ত বড় ভাই ভিডিও কলে দেশে থাকা পরিবারের সদস্যদের কাছে হত্যাকাণ্ডের বিষয়টি স্বীকার করেন।

নিহত ব্যক্তির নাম নয়ন শেখ (২১) এবং অভিযুক্ত বড় ভাইয়ের নাম হুমায়ুন শেখ (২৭)। তারা মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার সোনারং এলাকার দেলোয়ার শেখের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, স্থানীয় সময় বুধবার (২৯ এপ্রিল) রাত ৮টার দিকে ইতালির লেইজ শহরে পারিবারিক বিষয় নিয়ে দুই ভাইয়ের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে বড় ভাই হুমায়ুন শেখ উত্তেজিত হয়ে ধারালো অস্ত্র দিয়ে ছোট ভাই নয়নকে এলোপাতাড়ি আঘাত করেন। এতে ঘটনাস্থলেই নয়নের মৃত্যু হয়।

হত্যাকাণ্ড ঘটানোর পর হুমায়ুন শেখ ভিডিও কলে দেশে থাকা পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করেন। এসময় তিনি নিহত নয়নের রক্তাক্ত মরদেহ দেখান এবং নিজেই তাকে হত্যা করেছেন বলে জানান। স্ক্রিনে এমন ভয়াবহ দৃশ্য দেখে পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। এলাকায় খবরটি ছড়িয়ে পড়লে শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে ইতালির স্থানীয় পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত হুমায়ুন শেখকে গ্রেপ্তার করেছে বলে জানা গেছে। 

টঙ্গীবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ডাবলু জানান, পারিবারিক দ্বন্দ্বের জেরে ইতালিতে এক ভাইয়ের হাতে আরেক ভাই খুন হওয়ার খবর তারা পেয়েছেন। নিহতের স্ত্রী কিছুদিন আগে পারিবারিক কলহের জেরে একটি অভিযোগ দায়ের করেছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *