৫ লিটারে ২৩০ মিলি কম, ফিলিং স্টেশনকে অর্ধলাখ টাকা জরিমানা

জ্বালানি তেলের পরিমাপে কারচুপির অভিযোগে মানিকগঞ্জের সদর উপজেলার একটি ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ শুক্রবার (১ মে) সকালে উপজেলার মিতরা বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত ‘মিলন’স ফিলিং স্টেশনে’ অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আজ শুক্রবার সকালে ওই ফিলিং স্টেশনে ঝটিকা অভিযান চালানো হয়। অভিযানে ডিজেল তেলের পরিমাপ পরীক্ষা করতে গিয়ে দেখা যায়, প্রতি ৫ লিটার তেলে গ্রাহককে প্রায় ২৩০ মিলিলিটার করে কম দেওয়া হচ্ছিল। ওজনে এমন ব্যাপক গরমিল ও প্রতারণার প্রমাণ মেলায় প্রতিষ্ঠানটিকে তাৎক্ষণিক ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও র‍্যাব-৪ এর একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে।

সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল জানান, জ্বালানি তেলের মাপে কারচুপি করে ভোক্তাদের ঠকানোর বিষয়টি কোনোভাবেই সহ্য করা হবে না। জনস্বার্থে এবং এ ধরনের অনিয়ম রোধে জেলাজুড়ে নিয়মিত এ ধরনের তদারকিমূলক অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *