ঝিনাইদহে ভুয়া পুলিশ সেজে প্রতারণা ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত একটি সংঘবদ্ধ চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ পুলিশের পোশাক ও ব্যবহৃত সরঞ্জাম জব্দ করা হয়েছে।
আজ শুক্রবার (১ মে) দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছাব্বিরুল আলম।
সংবাদ সম্মেলনে জাননানো হয়, গতকাল বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সন্ধ্যা ৬টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে শৈলকুপা থানার চণ্ডীপুর গ্রামের গোলাপ মোল্যার বাড়ি থেকে তাদের আটক করা হয়।
অভিযানে আটক ভুয়া পুলিশ সদস্যরা হলেন উপজেলার লক্ষ্ণণদিয়া গ্রামের আমিন বিশ্বাসের ছেলে রিয়াজ বিশ্বাস (২৭), বারইপাড়া গ্রামের ডাবলু মোল্লার ছেলে রুবেল হোসেন মোল্যা (৩২), দুধসর গ্রামের মৃত আল্লেক জোয়ার্দারের ছেলে আশিক জোয়ার্দার (২৪), কুলচারা গ্রামের বাবু মণ্ডলের মেয়ে তাসলিমা খাতুন (২১) এবং সোন্দা গ্রামের জামিরুল ইসলামের মেয়ে জান্নাতুল ফেরদৌস (২০)।
ডিবির ওসি জানান, গ্রেপ্তার করা ব্যক্তিরা দীর্ঘদিন ধরে পুলিশের পোশাক ও ওয়াকিটকি ব্যবহার করে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে টাকা আদায় করত। এর সঙ্গে গোপনে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। তাদের কাছ থেকে পুলিশের জ্যাকেট, এসআই র্যাংক ব্যাজ, পুলিশের মনোগ্রামযুক্ত পোশাক, ক্যাপ, বেল্ট, দুটি ওয়াকিটকি ও চার্জারসহ বিভিন্ন সরঞ্জামসহ ১৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
ওসি বলেন, এ ঘটনায় তাদের বিরুদ্ধে শৈলকুপা থানায় মামলা করা হয়েছে।