৫ দিনের আবহাওয়ার পূর্বাভাসে দেশজুড়ে বৃষ্টির নতুন বার্তা

দেশের ওপর মৌসুমি বায়ু মোটামুটি সক্রিয় থাকায় আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আজ বুধবার (২৪ জুন) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়াবিদ আব্দুল হামিদ মিয়ার সই করা বার্তায় অধিদপ্তর জানিয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে। এর প্রস্থাপে আগামী ৫ দিনে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির তীব্রতা ও তাপমাত্রা কেমন থাকবে, তা দিনভিত্তিক নিচে তুলে ধরা হলো—

প্রথম দিন (২৪ জুন সন্ধ্যা থেকে): রংপুর, ময়মনসিংহ, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

দ্বিতীয় দিন (২৫ জুন সন্ধ্যা থেকে): রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় দমকা হাওয়া ও বজ্রবৃষ্টি হতে পারে। এ দিন দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

তৃতীয় দিন (২৬ জুন সন্ধ্যা থেকে): রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং বাকি বিভাগগুলোর কিছু কিছু জায়গায় বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এ দিন তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

চতুর্থ দিন (২৭ জুন সন্ধ্যা থেকে): রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়; রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা বিভাগের দু-এক জায়গায় বজ্রবৃষ্টি হতে পারে। এ সময় রংপুর ও সিলেট বিভাগে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।

পঞ্চম দিন (২৮ জুন সন্ধ্যা থেকে): রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এদিনও রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে ভারী বর্ষণ হতে পারে। তবে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

বর্ধিত ৫ (পাঁচ) দিনের আবহাওয়া পরিস্থিতি: এই ১২০ ঘণ্টা বা ৫ দিন পার হওয়ার পর দেশজুড়ে বৃষ্টিপাতের প্রবণতা আরও বৃদ্ধি পেতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *