৩ মেয়ে ও মা হত্যার দ্রুত বিচার দাবিতে মানববন্ধন

লক্ষ্মীপুরের রায়পুরে বাসায় ঢুকে শাহিনুর বেগমসহ তার তিন মেয়ে সায়মা আক্তার, নাফিসা আক্তার ইকরা ও ফাতেমা আক্তার শিফাকে হত্যার ঘটনায় সুষ্ঠু তদন্তসহ দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। দ্রুত ঘটনার রহস্য উদঘাটনেরও দাবি জানিয়েছেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা।

আজ রোববার (২৮ জুন) বিকেলে রায়পুরের সাধারণ ছাত্র সমাজের ব্যানারে থানার সামনে এ আয়োজন করা হয়। এতে বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেয়। 

এ সময় বক্তব্য দেন নিহত সায়মার সহপাঠী ইশরাত জাহান মেঘলা, খাদিজা আক্তার প্রমি, স্থানীয় বাসিন্দা আল ইমরানসহ অনেকে।

মানববন্ধনে বক্তারা বলেন, রায়পুরের আলোচিত এই হত্যাকাণ্ডে পুরো দেশ স্তম্ভিত। ঘটনার কয়েকদিন পেরিয়ে গেলেও হত্যার প্রকৃত রহস্য এখনও উদঘাটিত হয়নি। এ ঘটনায় অন্য কেউ জড়িত আছে কি না, তা তদন্তসহ জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

নিহত সায়মার সহপাঠী ইশরাত জাহান মেঘলা বলেন, আমরা মেধাবী বন্ধু সায়মাকে হারিয়েছি। তার পরিবারের অন্য সদস্যরাও অত্যন্ত ভালো মানুষ ছিলেন। এই ঘটনার দ্রুত প্রকৃত রহস্য উদঘাটন করতে হবে। 

বৃহস্পতিবার (২৫ জুন) সকালে রায়পুর পৌর শহরের ধানহাট-নদীরপাড় এলাকার একটি ভাড়া বাসায় ঢুকে শাহিনুর বেগম (৩৮), তার বড় মেয়ে সায়মা আক্তার (২১), মেজো মেয়ে নাফিসা আক্তার ইকরা (১৭) এবং ছোট মেয়ে ফাতেমা আক্তার শিফাকে (৯) কুপিয়ে হত্যা করা হয়। পরে অভিযুক্ত অন্তর মজুমদার (২৮) গণপিটুনিতে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *