২৫ জুন শুরু হচ্ছে ‘সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মৃতি নাট্যোৎসব’

ভাষাসৈনিক, শিক্ষাবিদ ও পদাতিকের আজীবন সভাপতি প্রয়াত নাট্যজন সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মরণে ২০১০ সাল থেকে পদাতিক নাট্য সংসদ আয়োজন করছে ‘সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মৃতি নাট্যোৎসব ও স্মারক সম্মাননা’। 

বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় ২৫ থেকে ৩০ জুন পর্যন্ত চলবে ছয় দিনব্যাপী এই আয়োজন।  প্রতিদিন সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে প্রদর্শিত হবে ছয় নাট্যদলের ছয়টি নাটক।

উৎসবের উদ্বোধনী দিনে, ২৫ জুন মঞ্চস্থ হবে দেশ নাটকের ‘দর্পণে শরৎশশী’। নাটকটির নির্দেশনা ও তত্ত্বাবধানে রয়েছেন কামাল আহমেদ। 

২৬ জুন পদাতিক নাট্য সংসদ পরিবেশন করবে ‘আলিবাবা এবং চল্লিশ চোর’, যার পরিকল্পনা ও নির্দেশনা দিয়েছেন সুদীপ চক্রবর্তী।

২৭ জুন মঞ্চে আসবে থিয়েটার ফ্যাক্টরির ‘কমলা রঙের বোধ’, নির্দেশনায় অলোক বসু। ২৮ জুন এথিক নাট্যদল পরিবেশন করবে ‘সুড়ঙ্গ’। এর নির্দেশক মিন্টু সরদার।

২৯ জুন বাংলাদেশ পারফরমেন্স আর্ট গ্রুপ মঞ্চস্থ করবে ‘জালালউদ্দিন রুমী’। অপূর্ব কুমার কুন্ডু রচিত নাটকটির নির্দেশনা দিয়েছেন সুজন মাহবুব। আর সমাপনী দিনে, ৩০ জুন মঞ্চস্থ হবে জাহাঙ্গীরনগর থিয়েটারের ‘বিধিবাম’।

নাট্যোৎসবের পাশাপাশি প্রতিদিন বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৬টা ৩০ মিনিট পর্যন্ত শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে অনুষ্ঠিত হবে ‘বহিরাঙ্গন অনুষ্ঠান’। এতে থাকবে পথনাটক, আবৃত্তি, গান ও নৃত্য পরিবেশনা।

এ ছাড়া প্রতি বছরের মতো এবারও নাট্যাঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে দেওয়া হবে ‘সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মারক সম্মাননা’। 

আয়োজকরা জানিয়েছেন, সম্মাননাপ্রাপ্তদের নাম ঘোষণা করা হবে আগামী ২৩ জুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *