পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর ইমিগ্রেশনে ২৪ হাজার ৬০০ ইউএস ডলারসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ সোমবার (২৭ এপ্রিল) দুপুরে তাকে আটক করা হয়।
আজ সন্ধ্যায় ১৮ বিজিবি ব্যাটালিয়ন এক ক্ষুদেবার্তায় এ তথ্য জানায়।
ক্ষুদেবার্তায় বলা হয়, আজ দুপুর ১২টার দিকে বাংলাবান্ধা আইসিপি চেকপোস্টে দায়িত্বরত নায়েব সুবেদার মো. আনোয়ার হোসেনের নেতৃত্বে বিজিবি সদস্যরা ভারতীয় নাগরিক পলাশ মাঝিকে তল্লাশি করেন। এ সময় তার কাছ থেকে ২৪ হাজার ৬০০ ইউএস ডলার জব্দ করা হয়। তিনি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলার খানাকুল থানার বাসিন্দা। গত ২৭ মার্চ বাংলাদেশে এসেছিলেন৷
বিজিবির ক্ষুদেবার্তায় আরও বলা হয়, ইউএস ডলারগুলো পঞ্চগড় সদরের কাস্টমস অফিসে জমা করে জমা রশিদসহ ভারতীয় নাগরিককে অর্থ পাচারের দায়ে তেঁতুলিয়া থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।
১৮ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়কের বরাতে ক্ষুদেবার্তায় বলা হয়, সদর দপ্তরের নির্দেশনায় পঞ্চগড় ব্যাটালিয়নের (১৮ বিজিবি) দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় যেকোনো ধরনের অর্থ পাচার, নারী-শিশু পাচার, চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধসহ চোরাকারবারী ও দুষ্কৃতকারীদের সীমান্ত অতিক্রম প্রতিরোধে আইসিপিসহ সীমান্ত এলাকায় টহল কার্যক্রম জোরদার এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। বিজিবি দেশের সার্বভৌমত্ব রক্ষা ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে।
sn/sks/jn