বলিউড তারকা অজয় দেবগন ও পরিচালক রোহিত শেঠি আবারও একসঙ্গে শুরু করলেন জনপ্রিয় কমেডি ফ্র্যাঞ্চাইজি গোলমাল ৫–এর শুটিং। নতুন শিডিউল শুরু হয়েছে উটিতে, যেখানে পুরো টিমকে নিয়ে চলছে মজার শুটিং মুহূর্ত।
অজয় দেবগন সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ও ছবি শেয়ার করেন, যেখানে তাকে দেখা যায় আরশাদ ওয়ারসি, তুষার কাপুর, শারমান জোশি, শ্রেয়াস তালপাড়ে এবং কুনাল খেমুর সঙ্গে। ফ্র্যাঞ্চাইজির আইকনিক পাঁচ-সিটের বাইকের সঙ্গে পোজ দিয়ে তারা আবারও ফিরিয়ে আনেন পুরনো “গোলমাল” ফিলিংস।
অজয় ক্যাপশনে লেখেন, “এবার শৌর্য বড়ি হ্যায়, অউর এন্টারটেইনমেন্ট উসে ভি জ্যাদা বড়া হোগা। গোলমাল৫ উটি শিডিউল উইথ দ্য বয়েজ।”
অন্যদিকে পরিচালক রোহিত শেঠি একই ভিডিও শেয়ার করে লেখেন, “২০ বছর ধরে ইতিবাচক আবহে এগিয়ে চলেছি, গোলমাল৫ উটি শিডিউল।” তার এই মন্তব্যে বোঝা যায়, ২০০৬ সালে শুরু হওয়া এখন দুই দশকের যাত্রা পূর্ণ করতে চলেছে।
গোলমাল: ফান আনলিমিটেড ছিল এই সিরিজের প্রথম ছবি, যা পরবর্তীতে একের পর এক সিক্যুয়েলের মাধ্যমে জনপ্রিয়তা পায়—‘গোলমাল রিটার্নস’, ‘গোলমাল ৩’ এবং ‘গোলমাল এগেইন’। প্রতিটি ছবিতেই ছিল হাসি-ঠাট্টা, বিশৃঙ্খলা আর পারিবারিক কমেডির মিশ্রণ।
এবার পঞ্চম কিস্তিতে বড় চমক হিসেবে যোগ দিয়েছেন অক্ষয় কুমার। ঘোষণার ভিডিওতে তাকে দেখা যায় এক ভিন্ন লুকে, যা ভক্তদের মধ্যে আরও উত্তেজনা তৈরি করেছে। মজার ছলে অজয় দেবগন বলেন, “ও কোনো ফ্র্যাঞ্চাইজি ছাড়ে না।”
অক্ষয় কুমারও জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে লেখেন, “গোলমাল ৫–এর এই পাগলাটে পরিবারে যোগ দিতে পেরে আমি উত্তেজিত! এবার হুলুস্থুল শুরু হোক।”
সব মিলিয়ে দুই দশকের যাত্রা পূর্ণ করতে চলা এই ফ্র্যাঞ্চাইজি আবারও ফিরছে নতুন হাসি, বিশৃঙ্খলা আর তারকাখচিত বিনোদনের প্রতিশ্রুতি নিয়ে।
এসএন/পিডিকে