১৭ দিনেই ২৫ হাজার কোটি টাকা আয়, বক্স অফিসে ‘স্পাইডার-ম্যান’র তাণ্ডব

মুক্তির তৃতীয় সপ্তাহেও বক্স অফিসে দাপট ধরে রেখেছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’। টম হল্যান্ড ও জেন্ডায়া অভিনীত সিনেমাটি এরই মধ্যে বিশ্বব্যাপী ২ বিলিয়ন ডলারের মাইলফলক পেরিয়ে গেছে। মাত্র ১৭ দিনে এই আয় করে সিনেমাটি বক্স অফিসের ইতিহাসে দ্রুততম সময়ে ২ বিলিয়ন ডলার আয় করা সিনেমার তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে।

সর্বশেষ হিসাবে, ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’র বিশ্বব্যাপী আয় দাঁড়িয়েছে ২.০২২ বিলিয়ন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২৪ হাজার ৮০০ কোটি টাকার সমান। ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’-এর পর এটিই সবচেয়ে দ্রুত ২ বিলিয়ন ডলারের মাইলফলক ছোঁয়া সিনেমা।

এই সাফল্যের মধ্য দিয়ে ২০২১ সালে মুক্তি পাওয়া ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’-কেও পেছনে ফেলেছে সিনেমাটি। ‘নো ওয়ে হোম’-এর বিশ্বব্যাপী আয় ছিল প্রায় ১.৯২ বিলিয়ন ডলার। ফলে ‘ব্র্যান্ড নিউ ডে’ এখন সনি পিকচার্সের ইতিহাসে সর্বোচ্চ আয় করা সিনেমা। 

উত্তর আমেরিকার বাজারেও সিনেমাটির দাপট অব্যাহত রয়েছে। মুক্তির তৃতীয় সপ্তাহান্তে সেখানে আরও ৭ কোটি ডলার আয় করেছে ‘ব্র্যান্ড নিউ ডে’। এর ফলে যুক্তরাষ্ট্র ও কানাডায় সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ৭৮ কোটি ৫৮ লাখ ডলার। তৃতীয় সপ্তাহান্তে আয়ের হিসাবে এটি ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ, যেখানে প্রথম স্থানে রয়েছে ‘স্টার ওয়ার্স: দ্য ফোর্স অ্যাওয়েকেন্স’।

শুধু তাই নয়, উত্তর আমেরিকার সর্বকালের সর্বোচ্চ আয়কারী সিনেমার তালিকাতেও দ্রুত ওপরে উঠছে ছবিটি। ৭৮ কোটি ৫৮ লাখ ডলার আয় নিয়ে এটি জেমস ক্যামেরনের ‘অ্যাভাটার’-কে পেছনে ফেলেছে। বর্তমানে সেখানে সিনেমাটির অবস্থান চতুর্থ।

আন্তর্জাতিক বাজারেও কমেনি ‘ব্র্যান্ড নিউ ডে’র গতি। তৃতীয় সপ্তাহান্তে যুক্তরাষ্ট্র ও কানাডার বাইরে ৬৭টি বাজার থেকে সিনেমাটি আয় করেছে ১১ কোটি ৮৭ লাখ ডলার। বিদেশি বাজারে এর মোট আয় দাঁড়িয়েছে প্রায় ১২৩ কোটি ৬০ লাখ ডলার। চীনেই সিনেমাটির আয় পৌঁছেছে প্রায় ২১ কোটি ডলারে। 

এদিকে সিনেমাটির এই সাফল্য শুধু ‘স্পাইডার-ম্যান’ সিরিজের জন্য নয়, পুরো হলিউডের জন্যও গুরুত্বপূর্ণ। ২০২৬ সালের গ্রীষ্মকালীন বক্স অফিসে সিনেমাটির দাপটে উত্তর আমেরিকার আয় গত বছরের একই সময়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ‘ব্র্যান্ড নিউ ডে’র পাশাপাশি ক্রিস্টোফার নোলানের ‘দ্য ওডিসি’ও বিশ্বব্যাপী শক্তিশালী ব্যবসা করছে। 

মার্ভেল স্টুডিওস ও সনি পিকচার্সের যৌথ প্রযোজনার ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ পরিচালনা করেছেন ডেস্টিন ড্যানিয়েল ক্রেটন। পিটার পার্কার চরিত্রে ফিরেছেন টম হল্যান্ড, আর জেন্ডায়া রয়েছেন এমজে চরিত্রে। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন স্যাডি সিঙ্ক, জ্যাকব ব্যাটালন, জন বার্নথাল ও মার্ক রাফালো। 

৩১ জুলাই ২০২৬ প্রেক্ষাগৃহে মুক্তির পর থেকেই একের পর এক রেকর্ড গড়ছে সিনেমাটি। মুক্তির প্রথম সপ্তাহেই বিশ্বব্যাপী ১ বিলিয়ন ডলার আয় করেছিল ‘ব্র্যান্ড নিউ ডে’, আর মাত্র ১৭ দিনেই পৌঁছে গেল দ্বিগুণ সেই অঙ্কে। 

ফলে মুক্তির তিন সপ্তাহ না পেরোতেই ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ এখন শুধু ২০২৬ সালের অন্যতম বড় হিট নয়, সর্বকালের সর্বোচ্চ আয়কারী সিনেমার তালিকাতেও দ্রুত ওপরে উঠে আসছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *