উত্তর আমেরিকা বিশ্বকাপে মরক্কোর হয়ে দারুণ খেলেছেন আইয়ুব বুয়াদ্দি। এবার ক্লাব ফুটবলেও দারুণ পুরস্কার পেলেন ১৮ বছর বয়সী এই মরোক্কান লায়ন। ফরাসি ক্লাব লিল ছেড়ে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটিতে যোগ দিচ্ছেন মরক্কোর উদীয়মান মিডফিল্ডার।
দলবদল বিশেষজ্ঞ সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো এক্স হ্যান্ডেলে এই তথ্য জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘ম্যানচেস্টার সিটিতে আইয়ুব বুয়াদ্দির মেডিকেল টেস্ট সম্পন্ন হয়েছে। লিল থেকে ৯৫ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফি এবং অতিরিক্ত আরও ৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে সিটিতে যোগ দিয়েছেন তিনি।’
বুয়াদ্দির জন্য সব মিলিয়ে ১০০ মিলিয়ন ইউরো খরচ কেরেছে সিটি। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ১৪৩১ কোটি টাকা। সামাজিক যোগাযোগমাধ্যমে রোমানো আরও জানান, ট্রান্সফার সংক্রান্ত দুই ক্লাবের মধ্যে আনুষ্ঠানিক সমস্ত চুক্তিপত্রে স্বাক্ষর সম্পন্ন হয়েছে।
বুয়াদ্দি ২০২৬ বিশ্বকাপে মরক্কোর হয়ে দুর্দান্ত পারফর্ম করে নজর কাড়েন। জাতীয় দলে মাঝমাঠের মূল ভরসা হয়ে উঠেছিলেন এই তরুণ তুর্কি। মাঝমাঠে তার একাগ্রতা ও নিখুঁত পাসের দক্ষতাই মূলত সিটিকে তার প্রতি আগ্রহী করে তোলে।
এসএন/পিডিকে